২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ১৪ দলের মহাসমাবেশ ২২ ডিসেম্বর, প্রস্তুতি চলছে

রাজশাহী বিভাগীয় পর্যায়ে আওয়ামী লীগসহ ১৪ দলের মহাসমাবেশ আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাজশাহী মাদ্রাসা মাঠে অনুষ্ঠেয় এ সমাবেশকে সফল করতে ১৪ দল ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

সমাবেশ উপলক্ষে মাঠে মূলমঞ্চসহ চারটি মঞ্চ তৈরির কাজ চলছে।

সাংস্কৃতিক অনুষ্ঠান, ফটো সাংবাদিকদের ছবি ধারন, স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দের জন্য পৃথক মঞ্চ থাকবে। অপরদিকে প্রধান বিরোধী দলীয় নেতার এবং স্থানীয় নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করবে। এছাড়া সমাবেশ স্থলে এ্যাম্বুলেন্স ও একটি মেডিকেল টিমের ব্যবস্থা রাখা হয়েছে। আযোজকরা জানিয়েছেন, সমস্ত রাজশাহী নগরীকে সমাবেশ স্থলে পরিনত করার লক্ষ্যে নগরীর তিন দিকে এক কিলোমিটার এলাকাব্যাপী মাইক সংযোগ করা হবে। রাজশাহী  মহাসমাবেশকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসানের কাছে নিচ্ছিদ্র নিরাপত্তার দাবী করা হয়েছে।

পুলিশ প্রশাসন সূত্র জানায়, ওই দিন সমাবেশ স্থলের চারপাশে দুই হাজার পুলিশ মোতায়ন করা হবে। নগরীকে নিরাপত্তা বলয়ের মধ্যে নেয়ার জন্য পয়েন্টগুলোতে তল্লাশি চালানোসহ নিরাপত্তা কর্মীদের কাছে মেটাল ডিটেক্টর রাখা হবে। পুলিশ প্রশাসন দাবী করেছে, ১৪ দলের সমাবেশে যাতে অনাকাংখিত ঘটনা না ঘটে তার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগের মহানগর সভাপতি জানিয়েছেন, এখন পর্যন্ত প্রশাসনের কোন রকম অসহযোগিতা পাইনি।