২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা রাজশাহীর পর সিলেটে মহাসমাবেশ করা হবে, জঙ্গি দমনে সংলাপের দরকার নেই: ১৪ দল

আওয়ামী লীগসহ ১৪ দল খুলনা ও রাজশাহীর পর সিলেটে বিভাগীয় মহাসমাবেশ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 07:31 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বুধবার দুপুরে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিলেট মহাসমাবেশের তারিখ চূড়ান্ত করা হয়নি।

সুধাসদনে অনুষ্ঠিত এ বৈঠকে ৯ ডিসেম্বর খুলনা এবং ২২ ডিসেম্বর রাজশাহীতে অনুষ্ঠেয় মহাসমাবেশের প্রস্তুতি ছাড়াও দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে সূত্র বিডিনিউজকে জানায়।

জঙ্গি দমনে সংলাপ আয়োজনকে সরকারের নাটক অভিহিত করে ১৪ দলের নেতারা বলেন, জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐকমত্য হয়েছে। দেশের মানুষ চায় জঙ্গিদের শাস্তি। এক্ষেত্রে বিরোধী দলের সঙ্গে আলোচনার কোনও প্রয়োজন নেই।

বৈঠকে বলা হয়, বিরোধী দল চায়- শুধু জঙ্গিবাদ নয়, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আলোচনা। কিন্তু সংস্কারের বিষয়টিকে পাশ কাটিয়ে দেশবাসীকে বিভ্রান্ত এবং বিরোধী দলের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার সংলাপের নামে নাটক করছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও দলের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, গণআজাদী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, গণফোরাম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক, ওয়ার্কার্স পার্টি সম্পাদক বিমল বিশ্বাস, সাম্যবাদি দলের সম্পাদক দিলীপ বড়–য়াসহ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।