প্রধানমন্ত্রীর চিঠি ফেরত দেওয়া অসৌজন্যমূলক: মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সংলাপের আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতাকে দেওয়া প্রধানমন্ত্রীর চিঠি গ্রহণ না করাকে ‘অসৌজন্যমূলক’ বলে উল্লেখ করেছেন।
বুধবার সন্ধ্যায় তাঁর বেইলি রোডের সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দেওয়া সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করা দুঃখজনক; আর চিঠি গ্রহণ না করা আরো দুঃখজনক। এটি একই সঙ্গে অত্যন্ত অসৌজন্যমূলক আচরণ।
মান্নান ভূঁইয়া বলেন, সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান ও চিঠি ফিরিয়ে দেওয়ার ঘটনাই প্রমাণ করে, তারা জঙ্গী ও বোমাবাজদের গ্রেফতার করতে চায়না। তারা এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।
তিনি বলেন, বিরোধী দলের সংস্কার প্রস্তাব নিয়ে তাদের সংসদে আলোচনা করতে বলা হয়েছে। তাদের দাবি অনুযায়ী প্রস্তাব দেওয়া হয়েছে সংসদের বাইরেও আলোচনা করার। এছাড়া আনুষ্ঠানিকভাবে সংলাপের প্রস্তাবও দেওয়া হয়েছে। এরপরেও তারা তা প্রত্যাখ্যান করেছে; যা অত্যন্ত দুঃখজনক।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সংলপে বিরোধী দল আসুক বা না আসুক, সরকার তাদের সমর্থনের জন্য বসে থাকবে না। জঙ্গি দমনে সরকার কাজ করে যাচ্ছে। তবে জঙ্গি সমস্যা, আমাদের জাতীয় সমস্যা। জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই এর সমাধান দরকার। তাই সরকার সকল দলের সাথে আলোচনা করে এর সমাধান করতে চায়।
অপর এক প্রশ্নের জবাবে মান্নান ভূঁইয়া বলেন, সকল দলের কাছেই সংলাপের চিঠি দেওয়া হয়েছে। তবে কতটি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে, তা তিনি জানাতে পারেন নি।
সংলাপের নামে সরকার সংস্কার ইস্যু থেকে দেশবাসীর দৃষ্টি ফেরানো চেষ্টা করছে, বিরোধী দলের এমন দাবির জবাবে তিনি বলেন, এ হেন বক্তব্য প্রমাণ করে, তাদের প্রজ্ঞার অভাব রয়েছে। কারণ এখন জনগণের আকাংখা জঙ্গি ইস্যুর সমাধানের দিকে আটকে রয়েছে।
বিরোধী দল আলোচনায় আসবে বলে বিএনপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন।
