২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ভেতরের জঙ্গি ও জামাতকে বহিষ্কারের আগে আলোচনা নয়: বিডিনিউজকে জলিল

দেশে জঙ্গিবাদের উত্থান ও বোমাবাজি করে মানুষ হত্যা প্রতিরোধে চার দলীয় জোট ও সরকার থেকে জামাতকে বহিষ্কারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে ‘বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা জঙ্গিদের’ও বহিষ্কারের দাবি জানায় তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 05:19 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বৃহস্পতিবার তার গুলশানের বাসভবনে বিডিনিউজকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এ কথা জানান।

তিনি বলেন, জোট সরকারের পৃষ্ঠপোষকতা এবং জামাতের প্রত্যক্ষ মদদেই দেশে উগ্র সাম্প্রদায়িক জঙ্গিবাদের উত্থান। তাই জামাত এবং ব্যারিস্টার আমিনুল হকের মতো জঙ্গিদের মদদদানকারী বিএনপি নেতাদের বহিষ্কার করতে হবে। সর্বোপরি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।

জঙ্গি দমনে সহযোগিতা ও আলোচনার ব্যাপারে প্রধানমন্ত্রী বিরোধী দলকে যে প্রস্তাব দিয়েছেন, সে ব্যাপারে বিরোধী দলের অবস্থান জানতে চাইলে আব্দুল জলিল বলেন, তার কোনও বক্তব্যই আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। একই বক্তৃতায় তিনি আলোচনার প্রস্তাব দিচ্ছেন। অন্যদিকে বিরোধী দলকে দোষারোপ করছেন। এটি বিভ্রান্তিকর।

তিনি বলেন, যারা জঙ্গিবাদের উত্থানের জন্যে দায়ী, যাদের আশ্রয় প্রশ্রয় ও প্রত্যক্ষ মদদে দেশে এ অবস্থার সৃষ্টি হয়েছে, তাদের ক্ষমতায় রেখে আলোচনার প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই সংকট নিরসনে সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

জঙ্গি দমনে নতুন আইন প্রনয়ণে প্রধানমন্ত্রীর ঘোষণা ও বিরোধী দলকে সংসদে যাওয়ার আহ্বানের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, নতুন আইন করে কী হবে? আর তাদের সঙ্গে কিসের আলোচনা? বিরোধী দলের সংস্কার প্রস্তাব মেনে নিলেই কেবল আলোচনা হতে পারে। এছাড়া আইন করার জন্যে আমাদের সংসদে যাওয়ার দরকার নেই। সংসদে দুই তৃতীয়াংশ তো ওরাই। এ সকল প্রহসন করে কোনও লাভ হবে না বলে মন্তব্য করেন আব্দুল জলিল। 

জঙ্গিবাদের উত্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সরকারি দলের অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, জামাতকে নিয়ে ক্ষমতায় আসার পর থেকেই দেশে উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। গত তিন বছর ধরে আমরা বার বার এ কথা বলে আসছি, কিন্তু প্রধানমন্ত্রী কোনও কথাই বিশ্বাস করেননি। স্বীকার করেন নি। উল্টো প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী এমপি নেতারা বলেছেন, এগুলো মিডিয়ার সৃষ্টি। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে বিরোধী দলের ষড়যন্ত্র বলে প্রচারণা চালিয়ে জঙ্গিদের মদদ দিয়েছে সরকার।

তিনি বলেন, বাংলাভাইকে একবার গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু রাজশাহীর এসপি তাকে গ্রেপ্ততার তো দূরের কথা, পুলিশ প্রটেকশন দিয়ে জঙ্গিদের মিছিল সমাবেশ করিয়েছেন। এ ঘটনার মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশকে সরাসরি চ্যালেঞ্জ করার পরও কোনও ব্যবস্থা নেয়া হয়নি। ফলশ্র“তিতে দেশে জঙ্গিবাদের আশংকাজনক উত্থান ঘটেছে।

আব্দুল জলিল বলেন, এরপরও জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এবং বিদেশি চাপে সরকার দু’টি জঙ্গি দলকে নিষিদ্ধ করে। এখানে প্রশ্ন হলো, সরকার যার অস্তিত্বই স্বীকার করলো না, তাকে আবার নিষিদ্ধ করলো কীভাবে?

অপর এক প্রশ্নের জবাবে আব্দুল জলিল বলেন, জঙ্গি, র‌্যাব, ক্রসফায়ার আর সন্ত্রাসীদের দিয়ে আগামী নির্বাচন পার করতে চায় ক্ষমতাসীন জোট। কিন্তু ওদের এ দুরভিসন্ধি জনগণ সফল হতে দেবে না।