২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন বি. চৌধুরী ও ড. কামাল
বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী এবং গণফোরাম ও জাতীয় ঐক্যমঞ্চের সভাপতি ড. কামাল হোসেন ২৯ নভেম্বর গাজীপুর ও চট্টগ্রামে বোমা হামলার সাথে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। তারা এসব ঘটনার সাথে সরকারের উচ্চ মহলের যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
এ হামলাকে স্বাধীনতার পর সবচেয়ে বড় অন্তর্ঘাতমূলক কাজ হিসেবে অভিহিত করে তারা বলেন, সংবিধান ও জাতীয় নিরাপত্তার স্বার্থে অবিলম্বে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এক হতে হবে। তারা একটি জাতীয় সংলাপ গঠনের মাধ্যমে এ সংকট থেকে উত্তোরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে যৌথবিবৃতিতে তারা এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বোমা হামলার ঘটনাকে স্বাধীনতার পর দেশের সবচেয়ে বড় অন্তর্ঘাতমূলক কাজ হিসেবে অভিহিত করে এ ঘটনার জন্যে সরকারের উদাসীনতা এবং ব্যর্থতাকে দায়ী করেন। তিনি বলেন, এ সরকার জনগণের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম দুর্দশার কথা উল্লেখ করে ড. কামাল বলেন, রাষ্ট্রের মূল দুটি স্তম্ভ জাতীয় সংসদ এবং বিচার ব্যবস্থা আজ হামলাকারীদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এ অশুভ শক্তি দেশের সংবিধানকে অমান্য করে তা ধ্বংস করার জন্যে মরিয়া হয়ে উঠেছে।
জঙ্গি দমনে সরকারের ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, আসলে এ ব্যাপারে সরকারের কোনও রাজনৈতিক সদিচ্ছা নেই। তিনি বিএনপির যেসব সাংসদ ও মন্ত্রী এসবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ড. কামাল বলেন, সম্প্রতি বিএনপির কয়েকজন সাংসদ বলেছেন, বিএনপির বেশকিছু নেতা-মন্ত্রী এসবের সাথে জড়িত। আমরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
তিনি বলেন, সরকার এদের বিরদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা সত্যি কথা বলছেন তাদের দল থেকে বহিষ্কার করছে।
বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীও ড. কামালের সাথে একমত পোষণ করে বলেন, সরকার যে আগুন নিয়ে খেলছে সে আগুন এখন ছড়িয়ে পড়ছে সারা দেশে।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, এসব হামলা এখন আমাদের জাতীয় অস্তিত্ত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। তাই কালবিলম্ব না করে সরকারের উচিত এখনই জঙ্গিবাদ দমনে যথাযথ পদক্ষেপ নেওয়া।
তিনি দেশে একের পর এক বোমা হামলায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে প্রশাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। এ অবস্থায় আগামী নির্বাচন কী করে অনুষ্ঠিত হবে?
তিনি সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যথাযথ ব্যবস্থা নিতে ক্ষণিকের দেরিও আমাদের রাষ্ট্র, নিরাপত্তা এবং রাষ্ট্রের মূল স্তম্ভের ওপর ভয়াবহ আঘাত হানতে পারে।
