যুদ্ধাপরাধীদের ১ ডিসেম্বরের মধ্যে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করুন: বাম ফ্রন্ট
বাম গণতান্ত্রিক ফ্রন্টের নেতারা যুদ্ধাপরাধী রাজাকারদের আগামী ১ ডিসেম্বরের মধ্যে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করার জন্যে ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দেশে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ধারা প্রতিষ্ঠা করতে হলে ’৭২--এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
বাম ফ্রন্টের ১১ দফা বাস্তবায়ন দিবসে ফ্রন্টের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে সোমবার রাজধানীর মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
বাম ফ্রন্টের নেতারা ’৭১--এর যুদ্ধাপরাধীদের মন্ত্রিসভা থেকে ১ ডিসেম্বরের মধ্যে বহিষ্কার ও সভা--সমাবেশসহ সকল ক্ষেত্র থেকে এদের বয়কট করতে বিএনপি মহাসচিব মান্নান ভুঁইয়া ও আওয়ামী লীগসহ সকল দলের প্রতি আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবি’র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়ার্কার্স পার্টির নুরুল হাসান ও শ্রমিক--কৃষক সমাজবাদী দলের হোসেন শহিদ মজনু।
সমাবেশ শেষে একটি মিছিল পল্টন এলাকা প্রদক্ষিণ করে।
