বুধবার ১৪ দলের জেলা প্রশাসন অবরোধ
আগামী ৩০ নভেম্বর বুধবার আওয়ামী লীগসহ ১৪ দলের জেলা প্রশাসক কার্যালয় অবরোধ ও বিক্ষোভ সমাবেশ। চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানো, বাজার তদারকির ব্যবস্থা, পণ্য পরিবহনে চাঁদাবাজি বন্ধ, গরিব মধ্যবিত্ত ও নির্দিষ্ট আয়ের মানুষের জন্যে রেশনিং চালু এবং উত্তরাঞ্চলে মঙ্গা ও দক্ষিণ--পশ্চিমাঞ্চলের জলাবদ্ধ অঞ্চলে কাজের ব্যবস্থা ও খাদ্যের নিরাপত্তার দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
এদিন বিক্ষোভ মিছিল সহকারে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের সকল জেলা প্রশাসক কার্যালয় দু’ঘন্টার জন্যে অবরোধ রেখে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
জেলা প্রশাসক কার্যালয় অবরোধ ও বিক্ষোভ সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ১৪ দল।
সংশ্লিষ্ট সূত্র বিডিনিউজকে জানিয়েছে, ঢাকায় কেন্দ্রীয়ভাবে বাহাদুর শাহ্ পার্কে ১৪ দলের জমায়েত শেষে জেলা প্রশাসক কার্যালয় অবরোধ করা হবে।
৩০ নভেম্বরের কর্মসূচি সফল করার লক্ষ্যে সোমবার বিকেলে আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। দলীয় সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
প্রস্তুতি সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের ঢাকা জেলা ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।
