দলে বিদ্রোহ, জোট নাকি দল রক্ষা: উদ্বিগ্ন বিএনপি
ইসলামী জঙ্গিদের প্রশ্রয় ও মদদ দেওয়া নিয়ে সাংসদ ও গুরুত্বপূর্ণ নেতাদের আকস্মিক বিদ্রোহে ক্ষমতাসীন চারদলীয় জোটের প্রধান শরিক বিএনপিতে অগোছালো অবস্থার সৃষ্টি হয়েছে।
দলের অভ্যন্তরে নেতাকর্মীদের মধ্যে অবিশ্বাস ও মতানৈক্যের সৃষ্টি হয়েছে। দল রক্ষা নাকি জোট রক্ষা করবে, এ নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব ভাবনায় পড়েছে। এ অবস্থায় বিভিন্ন পর্যায়ে চাপ সৃষ্টি করে আপাতত বিদ্রোহ দমনের চেষ্টা চললেও সন্দেহভাজন নেতাদের ওপর নজরদারি করা হচ্ছে।
বিদ্রোহী নেতাদের দলত্যাগ বন্ধ করার উদ্যোগ নেয়া হচ্ছে। একই সাথে দলের ভেতরে ইসলামী জঙ্গিবাদের সমর্থক নেতাকর্মীদের চিহ্নিত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও উদ্যোগ নেয়া হয়েছে।
বিএনপি ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, ইসলামী জঙ্গিদের উত্থানের কারণে বিএনপির ভেতরে, বিশেষ করে রাজশাহী অঞ্চলের নেতাদের মধ্যে বেশ কিছুদিন ধরে মতপার্থক্য চলছিল। এ ব্যাপারে সম্প্রতি বিএনপি সাংসদ ও সাবেক সিএসপি আমলা আবু হেনা প্রকাশ্যে বক্তব্য দিলে এ অভ্যন্তরীণ কোন্দল প্রকাশিত হয়।
আবু হেনার বক্তব্যে একজন বিএনপি ও দু’জন জামায়াত মন্ত্রীকে জড়িয়ে ইসলামী জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার কথা বলা হয়। তিনি বলেন, রাজশাহীতে তার নির্বাচনী এলাকাতেই ইসলামী জঙ্গিবাদের উত্থান হয়। এদের পেছনে ওই তিন মন্ত্রী এবং ক্ষমতাসীন জোটের শরিক জামায়াতে ইসলামীর যোগাযোগ রয়েছে। যা তিনি প্রধানমন্ত্রীসহ দলীয় ফোরামে জানিয়েও কোনও ফল পাননি। তিনি ওই নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।
এ বক্তব্য দেওয়ার অপরাধে আবু হেনা বিএনপি থেকে বহি®কৃত হন। বিএনপির গঠণতন্ত্র অনুযায়ী, কোনও সাংসদ দল থেকে বহি®কৃত হলে সংসদে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে। কিন্তু আবু হেনার সদস্যপদ বাতিলের ব্যাপারে ভিন্নমত পোষণ করেন বিএনপিরই বিশ্বস্ত¡ স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।
স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার স্পষ্ট বলেছেন, কোনো দলের গঠণতন্ত্রে কী রয়েছে, তা দিয়ে সংসদ বা দেশ চলে না। দেশ ও সংসদ চলে সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী। এ অনুযায়ী আবু হেনার সদস্যপদ বাতিল হচ্ছে না। তিনি এখন স্বতন্ত্র সাংসদ হিসেবে পরিচিত হবেন।
এদিকে আবু হেনার বক্তব্যের পরপরই বিএনপির আরো দুই নীতি--নির্ধারক স্থায়ী কমিটির সদস্য কর্নেল (অব.) অলি আহমদ এবং যুগ্মমহাসচিব ও হুইপ আশরাফ হোসেনও প্রায় অভিন্ন বক্তব্য দেন। তারাও বিভিন্ন মাধ্যমে জঙ্গিবাদের উত্থানের বিরুদ্ধে খোলামেলা কথা বলেন। একই সাথে তারা জামায়াতের সাথে জোটে থাকা বা না থাকার বিষয়টিও ভাবার জন্যে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান।
এর আগে সদ্যসমাপ্ত সংসদ অধিবেশনে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য কেএম ওবায়দুর রহমানও দেশের আইন--শৃঙ্খলা পরিস্থিতি ও জঙ্গিবাদের উত্থান নিয়ে কথা বলেন। তিনি বিরাজমান পরিস্থিতিকে ’৭১ সালে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার আগের পরিস্থিতির সাথে তুলনা করেন। তিনি বলেন, মনে হচ্ছে দেশে ’৭১--এর যুদ্ধ শেষ হওয়ার আগে যে অবস্থা ছিল, সেই অবস্থা বিরাজ করছে। কোনও বুদ্ধিজীবী কিংবা মুক্ত চিন্তার মানুষ আজ নিরাপদ নয়। তাদের ধরে ধরে হত্যা করা হচ্ছে।
দলের ভেতরে একের পর বিদ্রোহ ও বিভিন্ন পর্যায়ের নেতাদের এ ধরনের বক্তব্যের কারণে অস্বস্তিকর অবস্থায় পড়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তারা ভবিষ্যতে জামায়াতে ইসলামীর সাথে জোট রক্ষা নাকি দলকে রক্ষা করবে, তা নিয়ে ভাবতে শুরু করেছেন।
এ ব্যাপারে বিএনপির যুগ্মমহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বিডিনিউজকে জানান, আবু হেনার দলত্যাগে বিএনপির কোনও ক্ষতি হবে না। এত বড় দল থেকে দু’একজন চলে গেলে দলের তেমন কোনও ক্ষতি হয় না। তবে দলের ভেতরে জঙ্গিবাদের কোনও সমর্থক লুকিয়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
