শহীদ ডা. মিলন দিবস রোববার
রোববার (২৭ নভেম্বর) শহীদ ডা. মিলন দিবস। এ উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
১৯৯০ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতিবেগ সঞ্চারিত হয়।
সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং দলীয় সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
দিবসটি পালন উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ ডা. মিলনের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।
আওয়ামী লীগ রোববার সকাল ৭ টায় এবং শহীদ ডা. মিলন সংসদ সকাল ৮টায় ডা. মিলনের কবরে এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে নির্মিত স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবে। এখানেই সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।
জাসদ(ইনু) সকাল ৭টায় একই স্থানে পুষ্পস্তবক অর্পণ করবে।
শহীদ ডা. মিলন সংসদ বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র--শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ডা. মিলনের জীবনীর ওপর একটি আলোচনা সভার আয়োজন করবে। এছাড়া জাসদ (ইনু) কর্নেল তাহের মিলনায়তনে পৃথক এক আলোচনা সভার আয়োজন করেছে।
এদিকে দিবসটি পালন উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ, মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ১১ দল পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।
