সেনা শাসনে পাহাড়ি জীবন অবরুদ্ধ: সন্তু লারমা
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, সেনা শাসনের কারণে পাহাড়ে আদিবাসী জীবন এখন অবরুদ্ধ। তিনি বলেন, পাহাড়ের সার্বিক বাস্তবতা এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
শনিবার পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি কলেজ শাখা আয়োজিত নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পিসিপি নেতা জয়ন্ত চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. হামিদা বানু, বাঙালি নেতা গফুর আহমেদ তালুকদার, পিসিপি কেন্দ্রীয় সভাপতি উজ্জ্বল চাকমা, সাধারণ সম্পাদক উদয়ন ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।
সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, দেশের কোথাও সামরিক শাসন নেই। কিন্তু পার্বত্যাঞ্চলে বিভিন্ন নামে বছরের পর বছর ধরে চলছে সেনা শাসন। নিরাপত্তার নামে চলছে ‘অপারেশন উত্তরণ’।
তিনি এসব দুঃশাসন থেকে বেরিয়ে আসার জন্য পাহাড়ের সকল শ্রেণীর মানুষকে সংগ্রাম ও বিপ্লব চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
সন্তু লারমা বলেন, পাহাড়ে এখন অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা জরুরী। এজন্য পাহাড়ি--বাঙালি সকলকে প্রকৃত শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে। একমাত্র শিক্ষার মাধ্যমেই মানবিক অনুভূতি জাগ্রত হতে পারে।
