শিল্পখাতে বিনিয়োগ করুন: ঢাকা ব্যাংক বগুড়া শাখার উদ্বোধন করে তারেক রহমান
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান বলেছেন, ব্যাংক কর্তৃপক্ষ বগুড়ায় শিল্পখাতে বিনিয়োগ করতে পারে। শিল্পসমৃদ্ধ এ শহরকে গ্যাসের আওতায় আনা হয়েছে। ফলে এক্ষেত্রে এখন বিশেষ সুবিধা পাওয়া যাবে।
বৃহস্পতিবার সকালে বগুড়ার বাণিজ্যিক এলাকা ঝাউতলায় ঢাকা ব্যাংকের ২৬ তম শাখার উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ঢাকা ব্যাংক বগুড়াসহ উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রসারে সহায়ক হয়ে বিরাট ভূমিকা রাখবে। ঢাকা ব্যাংকে জনগণের টাকার লুটপাট হয়না বরং তাদের মঙ্গলের জন্য ঢাকা ব্যাংক নিবেদিতভাবে কাজ করে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সাহেদ নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস এমপি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, ব্যাংকের চেয়ারপারসন রোকসানা জামান।
এছাড়া বক্তব্য রাখেন বগুড়া পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার মতিউর রহমান শেখ, ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য সাহেদ রহমান প্রমুখ।
