সরকার পতনে গণঅভ্যুত্থান গড়ে তুলুন: মহাসমাবেশে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিএনপি জামাত জোট সরকারের পতন এবং অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ে গণজাগরণ ও গণঅন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান গড়ে তোলার জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকায় মঙ্গলবার আওয়ামী লীগসহ ১৪ দলের বিশাল মহাসমাবেশে সভাপতির বক্তব্যে শেখ হাসিনা পুলিশ, র্যাবসহ প্রশাসনের উদ্দেশে বলেছেন, আপনারা ব্যর্থ জোট সরকারকে রক্ষা করতে জনগণের রুদ্ররোষে পড়বেন না। জনগণের পাশে দাঁড়ান।
সরকারকে অবিলম্বে পদত্যাগের পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনাদের বিদায় ঘন্টা বেজে গেছে। সময় থাকতে বিদায় নিন।
হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, জনগণের পক্ষে না দাঁড়ালে কাউকে ছেড়ে দেওয়া হবে না। গণজাগরণ ঠেকাতে খালেদা নিজামীসহ তাদের অন্যায়কারী তাবেদারদেরও বাংলার মাটিতে বিচার করা হবে।
পল্টন ময়দানে ১৪ দলের এ মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নিয়েছিল। মহাসমাবেশ বানচালে সরকারের গৃহীত নানা তৎপরতা উপেক্ষা করে নগরীতে সর্বস্তরের নারী পুরুষ জনতার ঢল নেমেছিল। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়েছিল রাজপথ।
শেখ হাসিনা তার আধাঘন্টার বক্তব্যে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে সর্বস্তরের দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি হরতাল, লংমার্চ, অবরোধ, ঘেরাও, অবস্থান ধর্মঘট এবং বিক্ষোভ সমাবেশসহ দু’মাসের পর্যায়ক্রমিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সম্বয়ক আব্দুল জলিল এমপি ঐক্যবদ্ধ আন্দোলন, নির্বাচন ও সরকার পরিচালনায় ১৪ দলের পক্ষে ২৩ দফার অভিন্ন ন্যূনতম জাতীয় কর্মসূচি ঘোষণা করেন। শেখ হাসিনা এ কর্মসূচির পক্ষে জনগণের মতামত আহ্বান করলে সমবেত জনতা দু’হাত তুলে সমর্থন জানান।
জনগণের কাছে অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, বিএনপি জামাত জোট দুঃশাসনকে ক্ষমতা থেকে হটিয়ে দেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তি দেব। একই সঙ্গে তিনি ভোটের অধিকার রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার পরামর্শ দেন।
মহাসমাবেশে বাধাদান এবং নেতাকর্মীসহ নিরীহ মানুষের ওপর অত্যাচার নির্যাতন, গ্রেপ্তার হয়রানির প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, মহাসমাবেশে যাতে লোক সমাগম না হয়, সেজন্যে সরকার প্রশাসনসহ সমস্ত রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করেছে। পরিবহন ধর্মঘটের নাটক সাজিয়ে মানুষের স্বাভাবিক চলাচল বন্ধ করে দিয়েছে। ঢাকায় প্রবেশের সকল পথ বন্ধ করে মানুষকে চরম দুর্ভোগের মধ্যে ফেলেছে। র্যাব, পুলিশ দিয়ে বাড়ি বাড়ি হামলা ও তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ১০ হাজার সাধারণ মানুষকে। এত কিছুর পরও সকল বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে মহাসমাবেশ সফল করায় দেশবাসীকে অভিনন্দন জানান তিনি।
বিরোধী দলীয় নেতা বলেন, ভোট চুরি করে আবার ক্ষমতায় ফিরে আসতে দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে জোট সরকার। সর্বত্র চলছে চরম অরাজকতা। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে দেশকে নিয়ে ছিনিমিনি খেলছে ক্ষমতাসীন জোট। তিনি প্রশ্ন করেন, রাষ্ট্রের মূল স্তম্ভ-- সংসদ, প্রশাসন ও বিচার বিভাগ ধ্বংস করে দিলে সেই দেশের আর থাকে কী?
শেখ হাসিনা বলেন, এ সরকার ২৬ হাজার মানুষকে হত্যা করেছে। বিচারপতি ও সাংবাদিকরাও রক্ষা পাচ্ছে না। তিনি বলেন, জনগণের এতো টাকা খরচ করে বিশেষ বাহিনীর পেছনে ব্যয় করেও মানুষ নিরাপত্তা পায় না কেন, বোমবাজি ও মানুষ হত্যা কেন?-- এর জবাব সরকারকে দিতে হবে।
বিএনপি জামাতকে বোমাবাজ জঙ্গি সন্ত্রাসীদের মদদদাতা অ্যাখ্যায়িত করে আওয়ামী লীগ প্রধান বলেন, খালেদা জিয়া, তারেক রহমান, বাবর ও নিজামীকে ধরে জিজ্ঞাসাবাদ করলেই দেশের সব বোমাবাজি বন্ধ হয়ে যাবে।
তিনি বলেন, দুর্নীতিবাজ অর্থলোভী সরকার দেশ চালাতে ব্যর্থ হয়ে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের পকেট খালি করছে। অন্যদিকে নিজেদের পকেট ভারি করছে। জনগণের অর্থ সম্পদ বিদেশে পাচার করছে।
অঙ্গীকার ব্যক্ত করে আওয়ামী লীগ প্রধান বলেন, আগামীতে দিন দিলে জোট সরকারের লুট করা সকল অর্থ সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, গণতন্ত্রী পার্টির সভাপতি নুরুল ইসলাম, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য বেগম আমেনা আহমেদ, গণ আজাদী লীগ সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম সম্পাদক ড. অসীত বরণ রায় ও গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন মহাসমাবেশে বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নূর এমপি।
