২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া দেশে সাম্প্রদায়িক রাজনীতিকে পুনর্বাসিত করেছে

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাম্প্রদায়িক রাজনীতিকে পুনর্বাসিত করেছেন। যার ফলে আজ দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। বুধবার নগরীতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ অভিযোগ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2005, 09:02 PM

Updated : 26 Apr 2022, 06:17 PM

‘সাত নভেম্বরের চেতনায় সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন করার মাধ্যমে জিয়া দেশে সাম্প্রদায়িক রাজনীতির প্রবর্তন করেন। যার ফলে আজ দেশে ইসলামী জঙ্গিবাদের বিস্তার ঘটেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘সিপাহী জনতার গণঅভ্যুত্থানের ৩০তম বার্ষিকী স্মরণে কর্নেল তাহের সংসদ এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, বিএনপি-জামাত জোট সরকার দেশব্যাপী জঙ্গি কমতৎপরতা সম্পর্কে জানে। কিন্তু তারা এ ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

কামাল লোহানীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, কর্নেল তাহের সংসদের সাধারণ সম্পাদক রুহুল কদ্দুস বাবু এবং তাহেরের ভাই অধ্যাপক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

রাশেদ খান মেনন বলেন, ইসলামী জঙ্গিবাদ আজ নতুন প্রজন্ম বিশেষ করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এটা খুবই বিপজ্জনক।

তিনি বলেন, গণতন্ত্র ও সংবিধান ধ্বংসের আগেই কঠোর হাতে জঙ্গিবাদ দমন না করা হলে দেশকে অনেক বড় মূল্য দিতে হবে।