ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী, শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকাত আজিজ ও ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর সঙ্গে বৈঠক করেছেন।
হোটেল শেরাটনে পৃথক বৈঠকে তারা দারিদ্র্যবিমোচন, সন্ত্রাস দমন, গণতন্ত্র, উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে এসকল বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তারা বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা ছিল বেলা আড়াইটায়। কিন্তু দুপুরে আকস্মিকভাবে অনুষ্ঠানসূচি পরিবর্তন করে তা সন্ধ্যা সাড়ে ৫টায় করা হয়। এ বৈঠক চলে প্রায় ২০ মিনিট।
অন্যদিকে হাসিনা-মনমোহন বৈঠক চলে প্রায় পৌনে এক ঘন্টা।
শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বৈঠক শেষে বিডিনিউজকে জানান, শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে বলেন, সার্কের উদ্দেশ্য ও লক্ষ্যকে কার্যকর ও অর্থবহ করতে জাতীয় আশা আকাক্সক্ষার বাস্তবায়নে আঞ্চলিক সহযোগিতাকে সুসংহত করতে হবে।
তিনি আরও বলেন, সত্যিকার অর্থে আঞ্চলিক স্থিতিশীলতার জন্যে এ অঞ্চলের কোনও দেশকে স্বল্পোন্নত রাখা যাবে না।
শেখ হাসিনা বলেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা এ অঞ্চলে সামগ্রিকভাবে সম্ভাবনার দ্বার উন্মোচনের সুবিধা নিতে পারবো। মানুষে-মানুষে যোগাযোগ ও চলাচল, বাণিজ্য বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে আওয়ামী লীগ বৃহত্তর যোগাযোগেকেই সমর্থন করে।
তিনি বলেন, দারিদ্র্য ছাড়াও সন্ত্রাস এ অঞ্চলে একটি বড় সমস্যা। এসব সমাধানে প্রয়োজন সকল দলের পারস্পারিক সমঝোতা।
হাসিনা বলেন, আলোচনার মাধ্যমে যে কোনও সমস্যার সমাধান করা সম্ভব। আর সংকট মোকাবেলায় আমরা সব সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও আলোচনায় বিশ্বাসী।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনা সেদেশে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এসময় তারা দারিদ্র্যবিমোচনসহ বিভিন্ন আঞ্চলিক বিষয়ে আলোচনা করেন। আলোচনায় প্রবৃদ্ধির কৌশলের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, কাজী জাফরুল্লাহ্ এমপি, শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে রোববার শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে সাক্ষাৎ করেন। সকাল ৯টা থেকে পৌনে এক ঘন্টার বৈঠকে তারা দারিদ্র্যবিমোচন ও গণতান্ত্রিক উন্নয়নসহ আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি জানান, সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা সে দেশের নির্বাচনের জন্যে ঢাকায় তার সংক্ষিপ্ত সফর শেষে আজই (রোববার) চলে যাওয়ায় সেদেশের পররাষ্ট্র মন্ত্রী তার পক্ষে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন।
