আমাদের ব্যর্থ প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা ক্রমেই বাড়ছে : মনমোহন সিং
প্রতিবেশীদের মধ্যে ব্যর্থ রাষ্ট্রের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তা নিরাপত্তার জন্যে হুমকি হিসেবে দেখা দিতে পারে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং শুক্রবার এ কথা বলেন।
দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)’র ত্রয়োদশ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কয়েক ঘন্টা আগে তিনি এ মন্তব্য করেন।
ভারতীয় প্রধান প্রধান সংবাদমাধ্যম এ খবর পরিবেশন করে।
ইন্সটিটিউট অব ডিফেন্স স্টাডিজ এন্ড অ্যানালাইসিস আয়োজিত অনুষ্ঠানে মনমোহন সিং বলেন, আমাদের প্রতিবেশী অনেক রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে যা আমাদের এ অঞ্চলের জনগণের উন্নয়নের জন্যে একটা বড় সমস্যা।
ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্প্রতি নটবর সিংয়ের অপসারণের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রনালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন। কোন দেশগুলো ব্যর্থ রাষ্ট্র সেটা বলতে রাজি না হলেও তিনি বলেন, সার্কের প্রতিটি দেশের জন্যেই নিরাপত্তা ইস্যু একটা সমস্যা।
তিনি বলেন, সংঘর্ষ, দ্বন্দ্ব, সংঘাত এগুলো শুধু ভারতের নয় আমাদের প্রতিবেশী প্রতিটি রাষ্ট্রেরই সমস্যা।
মনমোহন সিং বলেন, এসব সমস্যা নিরসনে আমাদের খুবই সচেতন থাকতে হবে।
তিনি বলেন, বিশ্বের দরিদ্র এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিই সার্কের লক্ষ।
