বিএনপি’র সৎ মানুষদের প্রতি খালেদা ও তারেক রহমানকে পরিত্যাগের আহ্বান জানালেন বি. চৌধুরী
বিকল্প ধারা বাংলাদেশ (বিডিবি)’র সভাপতি অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী রোববার বিএনপি’র সৎ মানুষদের প্রতি দেরি না করে এখনই খালেদা ও তারেক রহমানের বিএনপি পরিত্যাগের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, জয়পুরহাট ও নোয়াখালীতে যারা বিকল্প ধারার নেতা-কর্মীদের ওপর হামলা করেছে তারা প্রকৃতপক্ষে বিএনপির আসল মানুষ না। এ কারণেই এই হামলায় আমি আশ্চর্য হইনি। তিনি বিএনপি’র প্রকৃত নেতা কর্মীদের খালেদা জিয়া ও তারেক রহমানের বিএনপি থেকে সরে আসতে বলেন।
নগরীর কেসি মেমোরিয়াল ক্লিনিকে বিকল্প ছাত্র ধারা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে বদরুদ্দোজা চৌধুরী এ কথা বলেন।
তিনি আরও বলেন, যারা গণতন্ত্র বোঝে না তাদেরকে গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হবে।
বিকল্প ছাত্র ধারার মহাসচিব আসাদুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিকল্প ধারা নেতা জয়নাল আবেদীন খান, অ্যাডভোকেট শাহ আলম বাদল, অ্যাডভোকেট সাবেরা বেগম, ড. আবু জাহের, এটিএম কামাল এবং ছাত্র ধারা আহ্বায়ক মনোয়ার আলী রুশো।
