২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারবিরোধী সংগ্রাম এগিয়ে নিতে ঈদের পরেই মাঠে নামছে সন্ত্রাসবিরোধী ঐক্য, পেশাজীবী ও নারী সংগঠনগুলো

জোট সরকারের ‘অত্যাচার নির্যাতন সন্ত্রাস ও দুঃশাসনের’ বিরুদ্ধে জনমত গঠন, পেশাগত অধিকার আদায় এবং সরকার পতন আন্দোলন ত্বরান্বিত করার লক্ষ্যে মাঠে নামছে পেশাজীবীসহ প্রগতিশীল নারী সংগঠনগুলো। ঈদের পর থেকে শুরু হবে তাদের ধারাবাহিক কর্মসূচি। এর মধ্যে ব্যতিক্রমী কয়েকটি অনুষ্ঠানও থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 06:21 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

পেশাজীবীদের সংগঠিত করে জোট সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন এগিয়ে নিতে পেশাজীবী সমন্বয় পরিষদ আগামী নভেম্বরে চট্টগ্রামে সম্মেলন করবে। সন্ত্রাসবিরোধী ঐক্যের ব্যানারে রংপুরে নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে সন্ত্রাসবিরোধী ঐক্য সম্মেলন। ডিসেম্বরে ঢাকায় উন্মুক্ত স্থানে আয়োজন করা হবে সন্ত্রাসবিরোধী বিশেষ অনুষ্ঠানমালা। পল্টন ময়দান অথবা কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। দিনব্যাপী আলোচনা ও বিভিন্ন এলাকা থেকে আসা সন্ত্রাসের শিকার লোকজনের অভিজ্ঞতা বর্ণনা ছাড়াও সন্ধ্যার পর আয়োজন করা হবে ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মঞ্চ নাটক।

একই সঙ্গে দেশের নারী সংগঠনগুলোর ঐক্যমোর্চা হিসেবে সংগ্রামরত সামাজিক প্রতিরোধ কমিটিও রাজপথে সরকারবিরোধী চূড়ান্ত অন্দোলনে শরিক হচ্ছে। ১৪ দল নেতৃবৃন্দের সঙ্গে রোববার তারা বৈঠক করেছেন। এ বৈঠকে নারী সমাজের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ১৪ দলের ন্যূনতম জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আলোচনা হয়। এছাড়া চলমান ঐক্যবদ্ধ আন্দোলন সফল করতে নারী সমাজের অংশগ্রহণের বিষয়েও তারা আলোচনা করেন।

পেশাজীবী সমন্বয় পরিষদ ও সন্ত্রাসবিরোধী ঐক্যের ব্যানারে অনুষ্ঠেয় কর্মসূচি এবং সামাজিক প্রতিরোধ কমিটির অগ্রণী ভূমিকা বিরোধী দলের চলমান আন্দোলনে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্ট সূত্র বিডিনিউজকে জানিয়েছে।

পেশাজীবী সমন্বয় পরিষদ ও সন্ত্রাসবিরোধী ঐক্যের আহ্বায়ক ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বিডিনিউজকে জানান, দেশের সার্বিক পরিস্থিতিতে আমরা পেশাজীবীদের সংগঠিত করার পাশাপাশি জোট সরকারের অত্যাচার নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে সারা দেশে জনমত গড়ে তুলতে চাই। মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার পক্ষের দেশ ও সমাজ গড়তে এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জনগণকে অধিকার সচেতন করে চলমান আন্দোলনকে এগিয়ে নিতে চাই। এ লক্ষ্যে পেশাজীবীসহ সমাজের সচেতন অংশের পাশাপাশি ভুক্তভোগী সাধারণ মানুষকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম গড়ে তুলতে চাই।

তিনি জানান, বিজয়ের মাস ডিসেম্বরের ১০ অথবা ১১ তারিখ ঢাকায় উন্মুক্ত স্থানে আমরা যে ব্যক্রিমী অনুষ্ঠানমালার আয়োজন করবো, তাতে কোনও প্রধান অতিথি থাকবেন না। তবে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা, বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেনসহ গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মানবাধিকারকর্মীসহ সমাজের সর্বস্তরের প্রতিনিধিরা এতে অংশ নেবেন।