খুলনায় আটক জেএমবি সদস্যের স্বীকারোক্তি, কুষ্টিয়ায় জঙ্গিবাদ বিরোধী বিশেষ সভা
দেশব্যাপী ১৭ আগস্ট বোমা হামলায় আটক নিষিদ্ধ সংগঠন জেএমবি (জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ) সদস্য মাহবুবুর রহমান ওরফে লিটন ওরফে পলাশ মঙ্গলবার খুলনার আদালতে দণ্ডবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এদিকে কুষ্টিয়ায় নতুন করে বোমা হামলার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন এক বিশেষ সভায় সতর্কতামূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে।
বিডিনিউজ খুলনা প্রতিনিধি জানান, আটক জেএমবি সদস্য মাহবুব জবানবন্দিতে জানিয়েছে, জেএমবি’র কেন্দ্রীয় আমীর শায়খ আবদুর রহমানের নির্দেশে সে গত ১৭ আগস্ট সাতক্ষীরা ও খুলনায় বোমা হামলার সঙ্গে যুক্ত ছিলো। তবে বোমা হামলায় সে সরিসরি জড়িত ছিল না বলে দাবি করে।
পরে তাকে খুলনা জেলে পাঠানো হয়।
অপরদিকে বাগেরহাটে আটককৃত জেএমবি নেতা মওলানা আবুল বাশারকে খুলনা সদর থানা পুলিশ বোমা হামলায় গ্রেপ্তার দেখিয়েছে।
শিগগিরই তাকে খুলনা এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ গোপালগঞ্জ প্রতিনিধি জানান, জেএমবি নেতা আবু তালেব (২৮)কে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে।
পুলিশ মঙ্গলবার তাকে গোপালগঞ্জের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোস্তফা জামানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড প্রার্থনা করে।
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের আবু তালেব ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর মোল্লাহাট কলেজ মাঠে শেখ হেলালের জনসভায় বোমা হামলার ঘটনায় জড়িত। ওই বোমা হামলায় আট জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়।
বিডিনিউজ কুষ্টিয়া প্রতিনিধি জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র পক্ষে ১৯টি গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলা চালানোর হুমকির পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া জেলা প্রসাশনের ডাকে মঙ্গলবার জঙ্গিবিরোধী সবা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়, শহরে প্রবেশের পাঁচটি পয়েন্ট এবং জজ কোর্ট ও ডিসি কোর্টের প্রবেশ মুখে চেকপোস্ট বসানো হবে। সংবাদপত্রসহ সকল অফিসে বিশেষ চেকিং এবং সুইপিং এর ব্যবস্থা করা হবে। পাশাপাশি, বিডিআর, পুলিশ ও র্যাব সারাক্ষণ টহলে থাকবে।
জেএমবি’র কুষ্টিয়া জেলা শাখার চিফ কমান্ডার পরিচয়ে চিঠি দিয়ে সোমবার শহরের ১৯টি স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এদিকে র্যাব সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ আগস্ট বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে ঢাকায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ২৭/১, পুরানা মোগলটুলি লেন, নবাবপুর রোড থেকে সোমবার রাত সাড়ে আটটার দিকে কামাল নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, সে আহলে হাদীস যুবসংঘের সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সঙ্গে এক বছর ধরে জড়িত আছে।
