২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েট পরিস্থিতি এখন শান্ত, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে ছাত্রশিবির

গাজীপুরে অবস্থিত ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সোমবার ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদল, ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের সংর্ঘষের পর মঙ্গলবার ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত ছিল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

এদিকে ছাত্রশিবির গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘চারদলীয় জোট সরকারের শরিক ছাত্র সংগঠনের কিছুসংখ্যক নেতাকর্মী’ হামলায় জড়িত ছিল বলে উল্লেখ করে এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংর্ঘষের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবারের হামলায় শিবিরের পক্ষে মূল ভূমিকা পালন করেছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা। শিবির পরিচালিত ‘অপটিমাম কোচিং’য়ে ক্লাস করতে ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের চারপাশের বিভিন্ন মেসে বসবাস করে। জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ‘অপটিমাম কোচিং’য়ের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন। শিবির কর্মীরা এ কোচিং সেন্টারকে ‘কর্মী ধরার ফাঁদ’ হিসেবে ব্যবহার করে।

একজন এলাকাবাসী জানান, শিবির চোখের সামনে বাড়ছে। কিন্তু চড়া বাড়ি ভাড়া পাচ্ছে বলে কেউ কথা বলছে না। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হামলার পর থেকে বিশ্ববিদ্যালয়ের চারপাশে বিভিন্ন মেসে অবস্থানরত শিবির কর্মী ও ভর্তিচ্ছুরা সরে পড়েছে।

এদিকে গাজীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ছাত্রশিবির ‘ছাত্রলীগের উস্কানি ও নেতৃত্বে’ হামলা হয়েছে বলে দাবি করে। সম্মেলনে হামলার ঘটনায় ছাত্রদলের অগ্রণী ভূমিকার কথা সাংবাদিকরা উল্লেখ করলে শিবির নেতারা কোনও সদুত্তর দেননি। তবে লিখিত বক্তব্যে নাম উল্লেখ না করে বলা হয়, জোট সরকারের শরিক একটি ছাত্র সংগঠনের কিছুসংখ্যক নেতাকর্মী এ হামলায় জড়িত। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিবিরের ডুয়েট শাখার সভাপতি আবুল কাশেম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতারা।