২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ভোটার তালিকা তৈরি হচ্ছে নভেম্বরে

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে নতুন ভোটার তালিকা তৈরির মাঠ পর্যায়ের কাজ শুরু হচ্ছে। আগামী সংসদ নির্বাচনের জন্য এ তালিকা তৈরি করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

নির্বাচন কমিশন সচিব স, ম জাকারিয়া বিডিনিউজকে এ তথ্য জানান।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এ তালিকা তৈরির খসড়া ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং সবশেষে জেলা পরিষদ যাচাই করবে। এরপরই তৈরি করা হবে নতুন ভোটার তালিকা।

ভোটার তালিকা তৈরির জন্য ১৪৬ কোটি টাকার বাজেট বরাদ্দ চাওয়া হচ্ছে। ১৩ আগস্ট নির্বাচন কমিশন ৪৬টি খাতে বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে এ টাকা চেয়ে পাঠায়। এর মধ্যে রয়েছে তথ্য সংগ্রহের জন্য ৭৫ কোটি টাকা, ভোটার তালিকা মূদ্রণ ও বিতরণের জন্য ২৭ কোটি টাকা, মূদ্রণের কাগজের জন্য পাঁচ কোটি টাকা এবং অন্যান্য খাতে বাকি টাকা।

সূত্র জানায়, নভেম্বর মাস জুড়েই চলবে তথ্য সংগ্রহের কাজ। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

অষ্টম সংসদ নির্বাচনের ভোটার তালিকা তৈরির জন্য ১১০ কোটি টাকার বাজেট চাওয়া হলেও বরাদ্দ ছিলো ১০৫ কোটি টাকা। তবে নির্বাচন কমিশন এ খাতে ব্যয় করে ৯৫ কোটি টাকা। বাকি টাকা কমিশনের উন্নয়ন খাতে জমা দেওয়া হয়।