২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকার দুর্নীতির ‘বিকেন্দ্রীকরণ’ করেছে: আওয়ামী লীগ

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সোমবার বলেছে, বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার দুর্নীতির জাতীয়করণ ও বিকেন্দ্রীকরণ করেছে এবং দলীয়করণের ফলে প্রশাসন ও সরকারি প্রতিষ্ঠানে তৈরি হয়েছে রুগ্নদশা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 04:55 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মিজানুর রহমান চৌধুরী এক সেমিনারে বলেন, এই সরকার দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে দুর্নীতির জাতীয়করণ ও বিকেন্দ্রীকরণ করেছে।

বিভিন্ন ক্ষেত্রে জোট সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরতে ধারাবাহিক সেমিনারের অংশ হিসেবে আওয়ামী লীগের উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘চারদলীয় জোট সরকারের দুর্নীতি ও দলীয়করণ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল বায়েস।

সেমিনারে চার বছরের দুর্নীতি বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর। দলীয়করণ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপিত করেন আব্দুল লতিফ সিদ্দিকী।

তোফায়েল আহমেদ তার বক্তব্যে বলেন, জোট সরকারের দলীয়করণের ফলে দেশ ধ্বংসের প্রান্তে উপনীত হয়েছে। তিনি আরও বলেন, সরকারের ব্যর্থতায় দেশ পরপর চতুর্থবারের মত দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, দুর্নীতি ও দলীয়করনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে উৎখাত করতে হবে। তিনি দলীয়করণের মাধ্যমে ব্যাচ’৭৩ সহ প্রশাসনে মেধাবী কর্মকর্তাদের কীভাবে দমিয়ে রাখা হয়েছে, সে চিত্র তুলে ধরেন।

মতিয়া চৌধুরী তৃণমূল পর্যায়ে বিএনপি ক্যাডাররা কীভাবে কৃষি খামার স্থাপন এবং সারের ব্যবসা করার নামে ব্যাংক লোন নিয়ে দুর্নীতি করছে, তার বর্ণনা দেন।

ওবায়দুল কাদের বলেন, জোট সরকার গত চার বছরে তাদের চারটি নির্বাচনী প্রতিশ্রুতিও পূরণ করতে পারেনি। তিনি নির্বাচনী বৈতরণী পার হতে জোট সরকারের হীন চক্রান্ত নস্যাৎ করে দিতে বিরোধী দলের একটি সঠিক পরিকল্পনা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আব্দুল বায়েস বলেন, আওয়ামী লীগ সরকারের সময় কোন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি। কিন্তু বর্তমান বিএনপি জামাত জোটের আইন প্রনেতরাই মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন।

ড. মহিউদ্দিন খান আলমগীর মূল প্রবন্ধে বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মূলোৎপাটনের চেষ্টা করলেও সরকারের উচ্চ পর্যায়ে থেকে তিনি নিজেও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী বিভিন্ন সেক্টরের সম্ভাব্য দুর্নীতির চিত্র তুলে ধরেন।

আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, দলীয়করন রুখতে পেশাজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাজনৈতিক নেতাদের সাথে হাত মেলাতে হবে।