২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছরে দেশে দুলাখ কোটি টাকার দুর্নীতি হয়েছে: ড. আলমগীর

সাবেক প্ররিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর সোমবার অভিযোগ করে বলেছেন, জোট সরকারের চার বছরে দেশে এক লাখ ৯৩ হাজার ৮৩ কোটি টাকার দুর্নীতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2005, 05:23 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

সোমবার এক সেমিনারে ‘দুর্নীতির উৎসব: ২০০১ থেকে ২০০৪’ শীর্ষক মূল প্রবন্ধে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ড. আলমগীর বলেন, সোমনাথ মন্দির লুটের পর উপমহাদেশে এত বড় আর কোনো দুর্নীতির ঘটনা ঘটেছে কিনা তা আমাদের জানা নেই।

বিভিন্ন ক্ষেত্রে জোট সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে ধারাবাহিক সেমিনারের অংশ হিসেবে আওয়ামী লীগের উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘চারদলীয় জোট সরকারের দুর্নীতি ও দলীয়করণ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

তিনি বলেন, সরকারি নেতা এবং অন্যান্যদের মাধ্যমে বছরে গড়ে ৪৮ হাজার ২৭১ কোটি টাকার দুর্নীতি হয়েছে। তিনি জোট সরকারের প্রাথমিক দুর্নীতির পরিমান জিডিপির ১৩ ভাগ বলে উল্লেখ করেন।

ড. আলমগীর বলেন, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের আর্থিক দুর্নীতির পরিমান ৩২ হাজার কোটি টাকা এবং চাঁদার পরিমান ১৬ হাজার ৫০০ কোটি টাকা। ঠিকাদারী ব্যবসা এবং তদবিরের মাধ্যমে দুর্নীতি হয়েছে ৩১ হাজার ৫০০ কোটি টাকা। আর সার্ভিস সেক্টরে দুর্নীতির পরিমান ছিলো ২৪ হাজার কোটি টাকা।