২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ টাকার চাল ২০ টাকা হলো কেন সরকারকে তা বলতে হবে: আ.লীগ

বিএনপি জামাত জোটের গত চার বছরের ‘দুঃশাসন, দুর্নীতি, অব্যবস্থা, লুটপাট, অদক্ষতা’ জাতীয় অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

আওয়ামী লীগের উদ্যোগে খাতওয়ারি সেমিনার ও আলোচনা সভার অংশ হিসেবে শনিবার ‘বিপর্যস্ত অর্থনীতি, জীবনযাত্রার ব্যয় ও বেকারত্ব’ শীর্ষক সেমিনারে আলোচকরা এ কথা বলেন।

তারা বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভে কত বিলিয়ন ডলার জমা আছে, মানুষ তা জানতে চায় না। তারা চায়, সস্তায় নিত্যপ্রয়োজনীয় জিনিস। ১০ টাকার চাল ২০ টাকা হলো কেন, সরকারকে তা বলতে হবে।

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য ও অর্থনীতি সম্পর্কিত উপ কমিটির চেয়ারম্যান আবুল মাল আব্দুল মুহিত।

আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবুল বায়েস, বিশিষ্ট অর্থনীতিবিদ গবেষক ড. আতিউর রহমান, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক এমপি, অধ্যাপক আলী আশরাফ ও সাবেক সচিব আব্দুল মবিন।

আব্দুল জলিল বলেন, দেশের উন্নয়ন নয়, জোট সরকার ব্যস্ত নিজেদের উন্নয়ন, লুটপাট ও সম্পদ পাচার নিয়ে।

আবুল মাল আব্দুল মুহিত বলেন, জোট সরকারের আমলে অর্থনীতির হাল অবস্থা যে কী, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধির দিকে তাকালেই তা বোঝা যায়।

সেমিনারে সংকট উত্তরণে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ১৬ দফা করণীয়ের ভিত্তিতে প্রতিটি খাতের সমস্যা চিহ্নিত করা এবং ভবিষ্যত কর্মসূচি প্রণয়নের সুপারিশ গ্রহণ করা হয়।