২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবম সংসদ নির্বাচন: মাঠে নামছেন সিনেমা-টিভির রেকর্ডসংখ্যক তারকা

জাতীয় নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশী সংস্কৃতি ও মিডিয়া অঙ্গনের বাসিন্দাদের দৌড় ঝাঁপ শুরু হয়েছে। চলছে লবিং। খোঁজ নিয়ে দেখা গেছে, অন্য যেকোনও বছরের তুলনায় এবার প্রার্থিতার দৌড়ে তারকার সংখ্যা বেশি।

নিজস্ব প্রতিবেদক

শাহেদ জাহিদী,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 12:55 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

এই তারকাদের সমর্থনে এবং আগামীর প্রস্তুতি হিসেবে নতুন প্রজন্মের পারফরমারাও সক্রিয় থাকছে।

শোবিজ থেকে পলিটিক্সে আসার নজির যুক্তরাষ্ট্রে রিগ্যান, শোয়ার্জনেগার, ফিলিপাইনে এস্ত্রাদা, ভারতে সুনীল, শত্রুঘ্ন, শাবানা আজমী, রজনীকান্ত, তাপস পালসহ এক ঝাঁক তারকা এবং শ্রীলঙ্কায় জীবন কুমারাতুঙ্গা।

এদেশে এবার সোহেল রানা, কবরী, আসাদুজ্জামান নূর, আলমগীর, ফারুক, তারানা হালিম, ফকির আলমগীর ও মমতাজ আওয়ামী টিকিট প্রত্যাশী। বিএনপি’র টিকিট চান উজ্জ্বল, আহমেদ শরীফ ও ডিপজল। বি. চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারার প্রার্থী হচ্ছেন ছবি নির্মাতা শহিদুল ইসলাম খোকন। তবে স্বাধীনতাবিরোধী জামাতের প্রার্থী হতে চান, এমন একজনও মেলেনি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ব্যানারে সক্রিয় থাকছেন লায়লা হাসান, ফাল্গুনী ও তনিমা হামিদ, শমী কায়সার, তারিন, মোনালিসা, দিতি, দিলারা, মৌসুমী প্রমুখ।

বিএনপি’র কালচারাল ফ্রন্ট জাসাস ও জিসাস করছেন রোজি আফসারি, জাভেদ, সোহানা, খুরশিদুজ্জামান উৎপল, বেবী নাজনিন, সিমলা প্রমুখ। বিকল্প ধারাও শিগগিরই গড়ে তুলছে বিকল্প সাস্কৃতিক ধারা। চিত্র নির্মাতা শহিদুল হক খান, কাজী হায়াত, আবুল খায়ের বুলবুল এবং শাকিব খান, পূর্ণিমা, শ্রাবন্তীসহ নতুন প্রজন্মের এক ঝাঁক পারফরমার এতে যুক্ত।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আওয়ামী লীগ এমপি আসাদুজ্জামান নূর এবারও প্রার্থী হচ্ছেন নীলফামারী-২ আসনে। নিজ এলাকায় শুধু নয়, গোটা দেশেই তিনি জনপ্রিয় ‘বাকের ভাই’। অনেকেরই মন্তব্য, আরেকটি আসন দিলেও ঠিকই জিতবেন তিনি।

সিনেমার একদা ‘মিস্টি মেয়ে’ কবরীর কাছে ‘তিক্ত’ ঠেকছে মনোনয়ন চাওয়াটা।

বললেন তিনি, ২০ বছর ধরে মাঠে আছি। নোমিনেশন পাচ্ছি কই?

তার টার্গেট আসন কুমিল্লা, নারায়ণগঞ্জ বা চট্টগ্রামের যেকোনও একটি। চট্টগ্রামে বেড়ে ওঠা কবরীর নারায়ণগঞ্জের প্রভাব বলয় স্বামীসূত্রে। দাউদকান্দিতেও আছে পারিবারিক যোগ। তবে নারায়নগঞ্জ-৪ ও ৫ দুটি আসনই তার জন্যে সেনসিটিভ। শামীম ও নামিম ওসমান এর তিনি চাচি।

নায়ক আলমগীর প্রার্থিতা চান নবীনগর-২ আসনে। এলাকায় চলছে তার জনসংযোগ। গতবার বিমুখ হওয়া আলমগীর এবার নৌকার টিকেট পাচ্ছেন বলেই ধারণা করা হচ্ছে।

মার্শাল আর্ট হিরো সোহেল রানার টার্গেট বরিশাল-২। তাকে হিসেবে রাখতে হচ্ছে বিএনপি সাংসদ মোয়াজ্জেম হোসেন আলাল, এবং রাশেদ খান মেননকে। কারণ নৌকার টিকিট পেলে যুদ্ধ হবে তাদের সাথেই।

সেহেল রানা জানালেন, শরীর ভালো না। আপাতত ফিল্ডওয়ার্ক চলছে না।

সিনোমার ‘লাঠিয়াল’ ফারুক রাজনীতিতে নিয়মতান্ত্রিকতায় বিশ্বাসী। টার্গেট আসন গাজীপুর (কালিগঞ্জ) নিয়ে তার ভাষ্য, গতবার আখতারুজ্জামানের হার এবার আমার মনোনয়ন পাওয়ার যৌক্তিকতা দাঁড় করিয়েছে। তরুণ লীগ সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি ‘সুজন’ ফারুকের জনসংযোগ চলছে বেশ আগে থেকেই।

’৯৬ সালের জনতার মঞ্চের অন্যতম সংগঠক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাশিদা মহিউদ্দিন এবার ময়মনসিংহ-৫ আসনে জয়ী হবেন বলেই আশাবাদী। জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফের মন্ত্রিত্ব থেকে বাদ পড়ার বিষয়টি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাশিদা মহিউদ্দিনের জন্য এবার প্লাস পয়েন্ট হতে পারে।

গণসংগীত শিল্পী ফকির আলমগীর পুরোদমে ফিল্ডওয়ার্ক চালিয়ে যাচ্ছেন ফরিদপুর-৫ এলাকায়। তিনি বলেন, গতবার মনোনয়ন চাওয়ায় বিটিভিতে নিষিদ্ধ হয়েছি। বর্তমানে এলাকায় জাফরুল্লাহ’র জনভিত্তি নেই। সার্বিক বিচারে এবার মনোনয়ন আমারই প্রাপ্য। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কর্তা আলমগীর কুমকুমের টার্গেট মুন্সিগঞ্জ-২। নৌকার টিকিট মিললে লড়তে হবে তাকে বিকল্প ধারার বি. চৌধুরীর সাথে।

টাঙ্গাইল-৬ আসনে গতবার আওয়ামী লীগ প্রার্থী হেরে যাওয়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের তারানা হালিম জোরেশোরেই দাবি করছেন প্রার্থিতা। ভবিষ্যতে প্রার্র্থি হওয়ার ইচ্ছে পোষণ করেন শমী।

লোকসঙ্গীত গেয়ে জনপ্রিয় মমতাজ আওয়ামী মনোনয়ন চান মানিকগঞ্জের একটি আসনে। তার স্বামী মানিকগঞ্জ পৌরসভা চেয়ারম্যান রমজান আলী এ ব্যাপারে তাকে উৎসাহিত করছেন।

হিট ছবি নির্মাতা, বিকল্প ধারার সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন প্রার্থী হচ্ছেন বাকেরগঞ্জ-৬ আসনে। তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিরা হচ্ছেন লীগের মাসুদ রেজা, বিএনপির ব্রিগেডিয়ার আনোয়ার, জাপার রুহুল আমিন হাওলাদার। খোকন বলেন, তবে আমি যুদ্ধের জন্য প্রস্তুত।

সিনেমার খলনায়ক আহমেদ শরীফ বিএনপি টিকেটে জননায়ক হতে চান কুষ্টিয়া সদরে। মাস কয়েক আগে নারী কেলেংকারিতে জড়িয়ে তিনি তার অবস্থান দুর্বল করে ফেলেছেন। নায়ক উজ্জ্বল প্রার্থিতা চান সিরাজগঞ্জের একটি আসনে।

জাসাস উপদেষ্টা চিত্র পরিচালক শফি বিক্রমপুরীর প্রার্থিতার সম্ভাবনা আছে মুন্সিগঞ্জ-১ আসনে। তিনি বলেন, জয়ের ব্যাপারে আমি ৯০ ভাগ আশাবাদী। প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষও এ আসনে বিএনপি টিকিটের জন্যে তদবির করছেন।

জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি এমএ মালেক এবং সেক্রেটারি বাবুল আহমেদের মধ্যে একজন প্রার্থি হচ্ছেন মুন্সিগঞ্জ-২ আসনে।

কৃষক লীগ নেতা প্রযোজক আব্দুল মতিন প্রধান এবং প্রযোজক সফর আলী ভূইয়া যথাক্রমে নৌকা ও ধানের শীষ ধরে প্রার্থিতা চান নারায়নগঞ্জ-৪ আসনে।

প্রযোজক এনায়েত করিম বিএনপি’র মনোনয়ন চান বরিশালের সাথে পিরোজপুর আসনে।

জাসাসের রশিদুজ্জামান মিল্লাত এমপি এবারও প্রার্থী হচ্ছেন জামালপুর-১ আসনে।

ছবির খলনায়ক, মিরপুরের ওয়ার্ড কমিশনার ডিপজল বিএনপি টিকেটে দাঁড়াতে চান ঢাকা-১১ আসনে। তারেক জিয়ার সাথে সুসম্পর্কের সুবাদে খালেকের বদলে তারই এবার মনোনয়ন জুটতে পারে বলে জানান এলাকার ক’জন বিএনপি কর্মী।

সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা গোলাম কুদ্দুস আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন নোয়াখালী-৩ আসনে।

শিক্ষাবিদ মজহারুল ইসলামের ছেলে সংগীত শিল্পী, সাবেক এমপি চয়ন ইসলাম সিরাজগঞ্জ-৭ আসনে গতবার হারলেও ফের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

মিডিয়া অঙ্গনের প্রার্থিতা প্রত্যাশীদের মধ্যে ডিগবাজি বা সংশ্লিষ্ট দলের সিদ্ধান্ত লংঘন করে স্বতন্ত্র প্রার্থী হবার প্রবণতা নেই বললেই চলে। রাজনৈতিক বিশ্লেষকরা তাই রাজনীতিতে তাদের যুক্ত হওয়ার বিষয়টিকে ইতিবাচক অর্থেই দেখছেন।