জোট সরকার ৪ বছরে পানি সম্পদের সদ্ব্যবহার ও ব্যবস্থাপনায় পুরোপুরি ব্যর্থ: আ.লীগের সেমিনারে অভিমত
বিএনপি জামাত জোট সরকার গত চার বছরে দেশের স্বার্থ রক্ষা এবং পানি সম্পদের সদ্ব্যবহার ও ব্যবস্থাপনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে।
পাশাপাশি নদী ভাঙন রোধে প্রকল্পের নামে লুটপাট করে ক্ষমতাসীন বিএনপির কমপক্ষে একশ’ লোক কোটিপতি হয়েছে।
‘বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনা: সফলতা, ব্যর্থতা ও ভবিষ্যত করণীয়’ শীর্ষক এক সেমিনারে বৃহস্পতিবার বক্তারা এ কথা বলেন।
পানি ব্যবস্থাপনার গুরুত্ব বর্ণনা করে তারা বলেন, আগামী দিনে পানি নিয়ে যুদ্ধ হবে। তাই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, রাজনৈতিক সমঝোতা ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে ভারত-বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে পানি সমস্যার সমাধান করা জরুরি। একই সঙ্গে মানব সম্পদ উন্নয়ন ও পানি সম্পদ ব্যবস্থাপনায় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা উচিত বলে তারা মন্তব্য করেন।
জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগ আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন দলের প্রেসিডয়াম সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি।
‘বাংলাদেশে পানি ব্যবস্থাপনা: বিগত দশকে অর্জন ও ব্যর্থতা’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও পানি বিশেষজ্ঞ কাজী খলীকুজ্জামান আহমদ।
আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ ও ড. মহিউদ্দিন খান আলমগীর, সাংবাদিক এবিএম মূসা, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, গণফোরাম প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও অধাপক ড. হাবিবুর রহমান।
খলীকুজ্জামান তার প্রবন্ধে তিস্তা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নদীর ক্ষেত্রে পানি বন্টন চুক্তি সম্পন্ন করার সর্বাত্মক প্রচেষ্টাসহ পানি ব্যবস্থাপনা উন্নয়নে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে করণীয় সম্পর্কে ১১ দফা রূপরেখা উপস্থাপন করেন।
আলোচনায় বিগত আওয়ামী লীগ সরকার আমলে গঙ্গার পানি চুক্তিসহ পানি সম্পদ ব্যবস্থাপনায় গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, সে সময় জোট নেতারা বলেছিলেন, ওই পানিতে ওজু হবে না, গোসল হবে না। ক্ষমতায় আসলে তারা এ চুক্তি বাতিল ও পুনর্মূল্যায়ন করবেন বলেও ঘোষণা দিয়েছিলেন। কিন্তু গত চার বছরে তারা পুণর্মূল্যায়ন তো দূরের কথা, পানি ব্যবস্থাপনায় কিছুই করতে পারেনি। বরং তারা আমাদের করা কাজের ফিতা কেটে মিথ্যা কৃতিত্ব নেয়ার চেষ্টা চালাচ্ছেন।
