ঢাবি ক্যাম্পাসে জঙ্গি সন্দেহে আটককৃত ১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মঙ্গলবার ভোররাতে জঙ্গি সন্দেহে ছাত্ররা একজনকে আটক করে। পরে পুলিশে সোপর্দ করলে সন্দেহজনক কারণে পুলিশ তাকে ছেড়ে দেয়।
আটককৃত ব্যক্তির নাম উজ্জ্বল (৩২)। তার বাড়ি শরীয়তপুরের জাজিরা থানায়।
সূত্র জানায়, ছাত্ররা টিএসসি এলাকায় সন্দেহজনকভাবে উজ্জ্বলকে ঘোরাফেরা করতে দেখে রাত দেড়টার দিকে আটক করে। ছাত্ররা তাকে চ্যালেঞ্জ করলে সে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে।
উজ্জ্বলের কাছ থেকে সাংকেতিক ভাষায় লেখা বেশ কিছু সন্দেহজনক কাগজপত্র উদ্ধার করা হয়।
এক পর্যায়ে ছাত্ররা উজ্জ্বলকে রাতেই রমনা থানার এসআই আতিকের কাছে সোপর্দ করে। কিন্তু রহস্যজনক কারণে এসআই আতিক তাকে ছেড়ে দেন।
এদিকে রমনা থানার কর্তব্যরত এসআই কল্পনা দত্ত বিডিনিউজকে জানান, এ ধরনের কোন ঘটনা ঘটেনি।
এদিকে এসআই আতিকের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
