২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক ও আইনজীবীরা নিরাপত্তাহীনতায় ভুগছে

তিন জেলায় আদালতের এজলাসে সোমবারের বিচারক, আইনজীবী, লিগ্যাল স্টাফ ও বিচারপ্রার্থীদের লক্ষ্য করে বোমা হামলার পর দেশের বিচারক ও আইনজীবীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

এর আগে ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার সময়ও সুপ্রিম কোর্টসহ বিভিন্ন আদালত হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিল।

সূত্র জানায়, সর্বশেষ বোমা হামলা এবং বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দেশের সিনিয়র আইনজীবীরা মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) ভবনে এক রুদ্ধদ্বার বৈটকে মিলিত হন।

বৈঠকে আদালত প্রাঙ্গনে বোমা হামলায় আইনজীবীরা গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সূত্র আরও জানায়, বিভিন্ন জেলা আদালতের বিচারকরা তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। অন্যদিকে এসসিবিএ মৌলবাদী গোষ্ঠির বোমা হামলার ভয়ে ভবনের চারটি প্রবেশ পথের তিনটিই বন্ধ করে দিয়েছে।

বৈঠকে উপস্থিত এসসিবিএ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম ইনায়েতুর রহিম বিডিনিউজকে জানান, আদালত ও বার প্রাঙ্গনে বোমা হামলার কারণে দেশের বিচারক ও আইনজীবীরা গভীর উদ্বেগের মধ্যে রয়েছে।

তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের মন্ত্রী, এমপি ও প্রভাবশালী নেতৃবৃন্দের আশ্রয় ও মদদে জঙ্গি সন্ত্রাসীরা এই হামলা চালায়। তবে সরকার তাদের বিরুদ্ধে কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। সরকার ও জঙ্গি উভয়েরই লক্ষ্যবস্তু বর্তমানে দেশের বিচার ব্যবস্থা।

তিনি বলেন, সরকার উচ্চ আদালতে দলীয় নিয়োগ দেযার মাধ্যমে বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে। অন্যদিকে, জঙ্গি-সন্ত্রাসীরা দেশের বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী ও আদালত প্রাঙ্গনে হামলা চালিয়ে যাচ্ছে। ফলে দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে।

সূত্র জানায়, এসসিবিএসহ বিভিন্ন আইনজীবী সংগঠন শিগগিরই দেশের আদালত ভবনে প্রধান বিচারপতি ও পুলিশের আইজি’র জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, সুষ্ঠু তদন্ত এবং বোমা হামলাকারী ও এর হোতাদের শাস্তি দাবি করছে।

বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যরিস্টার রোকনুদ্দিন মাহমুদ, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (এসএএসপি) আহ্বায়ক ব্যরিস্টার এম আমির-উল ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাবেক এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং এডভোকেট লায়েকুজ্জামান মোল্লা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) বৈঠকে বিচারকরা পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি বোমা হামলাকারি ও পরিকল্পনাকারিদের চিহ্নিত করতে সুষ্ঠু তদন্ত এবং শাস্তির দাবি জানান।

চট্টগ্রামের জেলা আদালতের বিচারকরা সরকারের কাছে তাদের নিরাপত্তার জন্য বুলেট প্রুফ জ্যাকেট সরবরাহের দাবি জানায়।

অন্যদিকে রংপুর অঞ্চলের বিচারকরা মঙ্গলবার আদালত চলাকালিন সময়ে নিজেদের ও আদালত প্রাঙ্গনের নিরাপত্তার চেয়ে সংশ্লিষ্ট পুলিশ সুপারের কাছে চিঠি পাঠিয়েছে।

এছাড়াও কক্সবাজার জেলা আদালতের বিচারকরা মঙ্গলবার বোমা হামলার ভয়ে দ্বার বন্ধ করে বিচারকাজ পরিচালনা করেন।

এসসিবিএ বুধবার প্রধান বিচারপতির কাছে মঙ্গলবারের বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ প্রেরণ করেছে। এতে আদালত প্রাঙ্গনে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্য নিয়োজিত করার পাশাপাশি বিচারক, আইনজীবী, লিগ্যাল স্টাফ ও বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।