ঠাকুরগাঁওয়ে ‘ভোট বিপ্লব দিবসে’ বিএনপি দু’প্রুপের সংঘর্ষে শতাধিক আহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চার দলীয় জোট ঘোষিত ‘ভোট বিপ্লব দিবস’ উদযাপনকালে শনিবার বিএনপির দু’প্রুপের মধ্যে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসিসহ আট জন পুলিশ এবং বিএনপির ২০ জন নেতাকর্মী।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ১২ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং ২৫/৩০ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভোট বিপ্লব দিবস উপলক্ষে স্থানীয় বিএনপির দুটি গ্রুপ পৃথক স্থানে কর্মসূচি আয়োজন করে। বিএনপির উপজেলা কমিটির সভাপতি রাজিউর রহমান চৌধুরী স্থানীয় চৌরাস্তায় সমাবেশের আয়োজন করেন। অন্যদিকে বিএনপির উপজেলা কমিটির সহ সভাপতি সৈয়দ আলম বালিয়াডাঙ্গী বালিকা বিদ্যালয়ে সমাবেশের আয়োজন করেন।
বালিকা বিদ্যালয়ে সৈয়দ আলম গ্রুপের সমাবেশ শুরু হলে বিকেল ৫টায় প্রতিপক্ষ গ্রুপের একদল কর্মী ও সন্ত্রাসী সমাবেশে হামলা চালায়।
অভিযোগ পাওয়া গেছে, পুলিশ এসময় হামলাকারীদের সহযোগিতা করেছে। এ সময় উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়ে যায়।
প্রায় দু’ঘন্টাব্যাপী সংঘর্ষ চলাকালে আইনুল, সামসুজ্জোহা, গোলাম রাব্বানী, মাঈনুল, সফিক, আইয়ুব আলী, রফিকুল, জব্বার, সাদেকুল, শহুবুলসহ শতাধিক নেতাকর্মী আহত হয়। আহত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চয় কুমার, থানার ওসি আবদুল হাই, এসআই বাবর আলী এবং ছয় জন কনস্টেবল। এর মধ্যে ছাত্রনেতা আইয়ুব আলী, শহুবুল ও সাদেকুলের অবস্থা আশংকাজনক।
বিএনপির উপজেলা কমিটির সহ সভাপতি সৈয়দ আলম অভিযোগ করেন, রাজিউর রহমানের সর্মথকরা হামলা চালিয়ে তাদের সমাবেশ পণ্ড করে দিয়েছে।
বিএনপির উপজেলার কমিটির সভাপতি রাজিউর রহমান চৌধুরী পাল্টা অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের সভায় আসতে বাধা দেয় এবং তাদের সমাবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতার সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তিনি আরও বলেন, সৈয়দ আলম বিএনপির কেউ না। ভোট বিপ্লব নিয়ে অনুষ্ঠান করার কোনও এক্তিয়ার তার নেই।
থানার ওসি আবদুল হাই জানান, দুগ্রুপ সমাবেশ আহ্বান করলে সৈয়দ আলমকে সভা না করতে বলা হয়েছিল। কিন্তু গোপনে তারা সভা শুরু করলে প্রতিপক্ষের কর্মীরা হামলা চালিয়ে তা পণ্ড করে দেয়।
