২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর মহাপরিচালকের মন্তব্য সম্পর্কে কিছু জানিনা: বাবর

ভারতে বিডিআরের মহাপরিচালক ‘১৭ আগস্টের বোমা হামলাকারীরা ভারত থেকে এসেছিল’ বলে যে মন্তব্য করেছেন, সে সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কিছুই জানেন না বলে জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 05:34 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

‘ভারতে বিডিআর মহাপরিচালক কী বলেছেন, সে বিষয়ে আমি কিছু জানিনা, পড়ে দেখিনি’ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম ও সিলেট বিভাগের আইন-শৃংখলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ মন্তব্য করেন।

শুক্রবার নয়াদিল্লীতে বিডিআর-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী যৌথ সংবাদ সম্মেলনে মন্তব্য করেন, ১৭ আগস্টের বোমা হামলার জড়িতদের কেউ কেউ ভারত থেকে এসেছিলো এবং কিছু অস্ত্র ও বিস্ফোরক ভারত থেকে এসেছে।

সাংবাদিকরা এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি খুব সংক্ষেপে সে বিষয়ে তার অজ্ঞতা প্রকাশ করে বিষয়টি এড়িয়ে যান।

দেশে মৌলবাদীদের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোনও মন্তব্য করেননি।

দেশের ৬৩ জেলায় ১৭ আগস্ট একযোগে প্রায় ৫০০ বোমার বিস্ফোরণ ঘটে। নিষিদ্ধ মৌলবাদী সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এ বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ উঠেছে। বোমাগুলোর সঙ্গে তাৎক্ষণিকভাবে জেএমবি’র লিফলেটও পাওয়া যায়।

এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত প্রায় ৫০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়।

বোমা হামলায় জড়িত সন্দেহে গিয়াসউদ্দিন নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করে পুলিশ। আটক গিয়াসউদ্দিন এ ঘটনার সাথে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে।