ঈদে ভোগান্তি নিয়ে বাড়ি ফেরা মানুষের আনন্দ নেই: ফখরুল
ঈদে ‘নানা ভোগান্তির’ মধ্যে দিয়ে বাড়ি ফেরা মানুষের ‘আনন্দ নেই’ মন্তব্য করে এর পেছনে সড়ক ও রেলপথের ‘অব্যবস্থাপনাকে’ দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার ঢাকার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, “যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা বিশেষ করে ট্রেনের কথা আপনি বলছেন- এগুলোর কোনো অথোরিটি আছে, কোনো কর্তৃত্ব আছে- সেটাই মনে হয় না।
“রাস্তা-ঘাটে আপনারা দেখেছেন, প্রতিদিন কীভাবে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। রেলের সময়সূচির বিপর্যয়, দেরি করে ছাড়া, দেরি করে যাওয়া, আসলে মূল কথাটা হচ্ছে যে, এই সরকারের কোথাও কোনো কর্তৃত্ব নেই। মানুষের এই যে দুর্ভোগ-ভোগান্তি, তাদের কোনো আনন্দ নেই।”
সরকার দেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করেছে মন্তব্য করে ফখরুল বলেন, “এই সরকার বলতে আমরা যেটা মনে করি যে, কোনো সুশাসন নেই, কোনো গভার্নেন্স নেই। শুধুমাত্র একটা দিকে তাদের লক্ষ্য দুর্নীতি করা।”
দেশে লোড শেডিং ফেরার পেছনে দুর্নীতিকে কারণ মন্তব্য করে ফখরুল বলেন, “বিদ্যুতের অবস্থা আপনারা দেখেছেন যে, বিদ্যুত নিয়ে এত বড়াই করেছেন, সেই বিদ্যুতে আজকে লোড শেডিং করতে হচ্ছে তিন ঘণ্টা-চার ঘণ্টা করে। এর মূল কারণ হচ্ছে দুর্নীতি।
“কারণ পাওয়ার প্ল্যান্ট যেগুলো নিয়ে আসা হয়েছে, এটা সম্পূর্ণভাবে অতিরিক্ত অর্থ দিয়ে আনা হয়েছে। এসব প্রকল্প স্থাপনে কোনো আন্তর্জাতিক টেন্ডার পর্যন্ত হয়নি এবং এমন আইন করা হয়েছে যে, এখানে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে কোনো রকমের মামলা করা যাবে না, অর্থাৎ ইনডেমনিটি দেওয়া হয়েছে। কোনো সভ্য দেশে কোনো প্রকিউরমেন্টের ক্ষেত্রে এটা কোনোভাবে হতে পারে না।”
সরকারের কোনো ‘পরিকল্পনা নেই’ মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “গ্যাসের কথা বলছে। আজকে এলএনজি নেওয়ার জন্যে এই সরকার গ্যাস উত্তোলনের কোনো ব্যবস্থা করেনি। তারা পুরোপুরিভাবে বিদেশে থেকে এলএনজি আমদানি করে ১/২টি কোম্পানিকে সহযোগিতা করার জন্য তারা এই সমস্ত দুর্নীতি করছে।
“গোটা ব্যাপারটা দাঁড়িয়েছে, বাংলাদেশকে লুট করার জন্য সমস্ত পরিকল্পনা করে। প্রকৃতপক্ষে এই সরকার একটা লুটেরা সরকারে পরিণত হয়েছে, আওয়ামী লীগ একটা লুটেরা দলে পরিণত হয়েছে।”
ফখরুল বলেন, “অনির্বাচিত সরকারের উন্নয়নের যে মিথ, যে ধোঁয়া তারা তোলেন, এটা সম্পূর্ণভাবে তাদের দুই লক্ষ্য আছে। একটি হচ্ছে দুর্নীতির মাধ্যমে তাদের পকেট ভারী করা এবং আরেকটি হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা যে তারা উন্নয়ন করছে।
“প্রকৃত পক্ষে এদেশে কোনো উন্নয়ন হয়নি। আজকে এখনও এদেশে দারিদ্র্যের হার বেড়ে গেছে। শতকরা ৪২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ অন্যদের নিয়ে সকালে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপি মহাসচিব। পরে দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফেরাত কামনা করে তারা বিশেষ মোনাজাতে অংশ নেন।
বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ, আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল, ডা. রফিকুল ইসলাম, মহানগর বিএনপির আমিনুল হক, রফিকুল আলম মজনু, যুব দলের মামুন হাসান, মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ, গোলাম সারোয়ার, তাঁতী দলের আবুল কালাম আজাদ, শ্রমিক দলের মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জাসাসের জাকির হোসেন জাকির, জাহেদুল আলম হিটো, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল, চেয়ার পারসনের প্রেস উইংয়ের শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।
