ক্ষমতাসীনদের ‘দৌরাত্মেই’ ঈদযাত্রায় সীমাহীন দুর্ভোগ: রিজভী
পরিবহন খাতে ক্ষমতাসীনদের ‘দৌরাত্মেই’ এবারের ঈদযাত্রার বাড়িমুখো মানুষের ‘সীমাহীন দুর্ভোগ’ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই মন্তব্য করেন।
ঈদযাত্রায় মানুষের ‘দুর্ভোগের’ জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, “মহানগরীর কষ্টক্লান্ত মানুষ প্রিয়জনদের সঙ্গে আনন্দ উদযাপনে ফিরছেন গ্রামে। কিন্তু নিশিরাতের সরকারের সিন্ডিকেটের ভাড়ার নৈরাজ্য, পথে সীমাহীন মহাদুর্ভোগ তাদের ঈদযাত্রার আনন্দেকে ম্লান করে দিচ্ছে।”
ঈদ এলেই ‘আওয়ামী সরকারের পরিবহন ও টিকিট সিন্ডিকেট’ সক্রিয় হয়ে ওঠে মন্তব্য করে রিজভী বলেন, “যে যেভাবে পারে দুই বা তিনগুণ ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের পকেট ‘কাটছে’।
“কারণ এই অর্থের ভাগ পায় ক্ষমতাসীন দলের রাঘব বোয়ালরা। পথে পথে চাঁদাবাজি, যানজট, হয়রানি অব্যাহতভাবে চলছে। কোনো নজরদারি নেই।”
সংবাদ সম্মেলনে লোড শেডিং নিয়েও কথা বলেন রিজভী। তিনি প্রশ্ন করেন, “বিদ্যুতের বাম্পার উৎপাদনকারী সরকারের আমলে ভয়াবহ লোড শেডিংয়ের কথা শুনতে হচ্ছে কেন?
“এটি সেই কৃচ্ছ্রের জন্য বেলী ফুলের মালা দিয়ে বিবাহের আহ্বান জানানোর মত হবে না তো, যেখানে কারো বিয়ে সোনার মুকুট পরে হয়েছে?“
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সরকারের সমালোচনা করে রিজভী বলেন, “মূল্যের সর্বগ্রাসী আগুনের উত্তাপে চারদিক বিপন্ন হয়ে গেছে। যেমন গতকালই পানির দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে। বিদ্যুত প্রতিমন্ত্রী বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ছে। এর আগে বৃদ্ধি করা হয়েছে বিদ্যুত ও গ্যাসের দাম।
“সরকারের প্রতিটি সেক্টরে দুর্নীতির সমান্তরাল বিচ্ছুরণ… ছাড়া আর কিছু নেই।…সামষ্টিক দখলদারী চলছে।”
অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, মনির হোসেন, আবদুস সাত্তার পাটোয়ারি, জাসাসের জাকির হোসেন রোকন, স্বেচ্ছাসেবক দলের একেএম আবদুল কালাম আজাদ,কৃষক দলের ভিপি ইব্রাহিম উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।
