সরকার হটানোর ‘যুগপৎ আন্দোলনে’ এলডিপি-বিএনপি ঐক্য
বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার হটানোর ‘যুগপৎ আন্দোলন’ করতে মতৈক্য হয়েছে এলডিপি ও বিএনপির মধ্যে।
বৃহস্পতিবার বিকালে মহাখালী ডিওএইচএসে অলি আহমেদের বাসায় তার নেতৃত্বাধীন এলডিপির সঙ্গে সংলাপে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আজকের এ বৈঠকে বর্তমান এই ‘ফ্যাসিবাদী’ সরকারকে সরিয়ে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা এবং জনগণের একটি পার্লামেন্ট গঠন করার ব্যাপারে আমরা আন্দোলন করতে একমত হয়েছি।
“আমরা আশা করি, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরে যুগপৎ এ আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার যাকে এদেশের জনগণ কেউই দেখতে চায় না তার পতন ঘটিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব।”
এদিন বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ সংলাপ হয়। এতে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছিলেন।
এলডিপির সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান অলি আহমেদ। অন্য সদস্যরা হলেন, মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম, নেয়ামূল বসির, আওরঙ্গজেব বেলাল, সাকলাইন খান ও সৈয়দ মাহবুব মোর্শেদ।
বৈঠকের পর অলি আহমেদ অভিযোগ করে বলেন, “বর্তমানে যে সরকার আছে তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে। দেশের জনগণ এক অস্বস্তিকর পরিবেশে বাস করছে। কারও জীবনের, জান-মালের কোনো নিরাপত্তা নেই, মৌলিক অধিকার নেই, ন্যায় বিচার নেই।
তিনি বলেন, “আমরা চাই, এই অবস্থার অবসান হোক। আমরা আজকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা এ সরকারের পতন ঘটাতে সক্ষম হব।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে অনতিবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিও জানান অলি আহমেদ।
২৪ মে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে বিএনপি। প্রথম দফায় মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন, সাইফুল হকের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল।
এছাড়া ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ লেবার পার্টি, ন্যাপ-ভাসানী ও মুসলিম লীগের সঙ্গেও সংলাপ করেছেন বিএনপি মহাসচিব।
