নবীকে নিয়ে কটূক্তি: সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি হারুনের
মুসলমানদের মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতাদের ‘অবমাননাকর’বক্তব্যের জন্য জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানিয়েছে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।
সেই সঙ্গে রোববার সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি ঢাকার ভারতীয় দূতাবাসকে তলবেরও দাবি তুলেছেন।
এক টেলিভিশন বিতর্কে নবীকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের পর ভারতের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত উত্তেজনা, অস্থিরতা দেখা দিয়েছে। বিজেপির দিল্লি শাখার মুখপাত্র নবীন কুমার জিন্দালও বিতর্কিত এই বিষয়টি নিয়ে টুইটারে পোস্ট দেন, যাকে ‘উসকানিমূলক’ আখ্যায়িত করেছেন অনেকে।
বিষয়টি কূটনৈতিক অঙ্গনেও সমালোচিত হয়। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ইরান, আফগানিস্তানসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশ ভারত সরকারকে ক্ষমা প্রার্থনা করার দাবি জানালে এবং দেশটির কূটনীতিকদের তলব করলে ভারতের মুসলমানদের ক্ষোভ নতুন মাত্রা পায়।
এক পর্যায়ে এ দুই নেতা তাদের মন্তব্যের জন্য ক্ষমা চান। নূপুরের সদস্যপদ স্থগিত এবং জিন্দালকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। বিদ্বেষ ছড়ানোর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে দিল্লি পুলিশ।
সংসদে হারুন বলেন, “আমরা সকলেই জানি, আমাদের মহানবীকে (সা.) নিয়ে ভারতে কটূক্তি হয়েছে, সারা পৃথিবীতে তার প্রতিবাদ হচ্ছে। বাংলাদেশেও হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, আমরা একটা সংঘ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ, সংঘ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। সার্কের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সরকারের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনো প্রতিবাদ, প্রতিক্রিয়া দেখতে পাইনি।
“আমরা আশা করব, সংসদ চলছে। এ ব্যাপারে অবশ্যই সংসদে একটি নিন্দা প্রস্তাব আনতে হবে। এবং যেহেতু এ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা-স্থিতিশীলতার জন্যের সাম্প্রদায়িক সম্প্রীতি অন্যতম শর্ত। যেহেতু সার্কে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজকে এ অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়… গত কয়েকবছর ধরে ভারতে মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড এত ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগে হিজাব বিতর্ক তৈরি করে আইন করে স্কুল কলেজে হিজাব নিষিদ্ধ করা হয়েছে।”
হারুন বলেন, “মুসলিম ল’ নিয়ে আইন করা হয়েছে। বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আমাদের মুসলমানদের মধ্যে সাংঘাতিকভাবে নাড়া দিচ্ছে।
“আমি মনে করি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসকে তলব করা দরকার এবং আজকের সারা মুসলিম বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, আমাদের প্রতিবাদ হওয়া উচিত। অবশ্যই নিন্দা প্রস্তাব আনা দরকার। ভারতীয় দূতাবাসকে তলব করে কড়া প্রতিবাদ জানানো দরকার।”
