বললাম বাজেট নিয়ে, কেউ কেউ লিখল শুধু খালেদা নিয়ে: কাদের
নতুন অর্থবছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে আওয়ামী লীগের আয়োজিত সংবাদ সম্মেলনের খবরে বাজেটের বদলে খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গটি বেশি গুরুত্ব পাওয়ায় সাংবাদিকদের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে প্রশ্নের জবাব গতকালও দিয়েছি। সাংবাদিক বন্ধুদের একটা কথা বলতে চাই, বারবার বলেছি। কিন্তু, বাস্তবে উল্টোটাই দেখি। বক্তব্য দিলাম বাজেট নিয়ে, কেউ কেউ বাজেট নিয়ে একটা কথাও লেখে নাই। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে লিখেছে। সেটাতো প্রসঙ্গ ছিল না।"
রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মাঠে রোববার মোহাম্মদপুর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়। সেখানে সাংবাদিকদের লিখিত প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের।
সীতাকুণ্ডের কন্টেইনার ডিপো, ট্রেন এবং ফেরীতে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত চলছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “নাশকতার কিছু কিছু তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে।“
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় বিএনপির দিকে ইংগিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমরা স্পষ্ট বলতে চাই, আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেললে এই আগুনেই পুড়ে মরবেন।
“আপনাদের মিথ্যাচার, গণবিরোধী ও আগুন সন্ত্রাসীর রাজনীতি পুড়ে মরবে। সেই আগুনে, যে আগুন আপনারা আমাদের বিরুদ্ধে জ্বালাতে চান।"
আওয়ামী লীগ ‘জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’ বলে যে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন, তার জবাবে কাদের বলেন, “আওয়ামী লীগ জনগণের দল, তাই কোনোদিন জনগণের বিরুদ্ধে তারা যায়নি।
“পঁচাত্তরের পরে ২১ বছর ক্ষমতায় না ছিলাম না, তারপর সাজানো নির্বাচনে (২০০১) হেরে গিয়েও আমরা মাঠে আছি। আমরা…।…মাঠ ছাড়ব না।“
দলের অবস্থান স্পষ্ট করে ওবায়দুল কাদের বলেন, “আমাদের অবস্থান সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, আপনাদের (বিএনপি) মিথ্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে। সেই অবস্থা নিয়ে এগিয়ে চলছি।"
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সাংবাদিকদের যে প্রশ্ন, তা আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে করার পরামর্শ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, “দুই মন্ত্রীই এ প্রশ্নের জবাব আগে দিয়েছেন, এখনও তারাই জানাবেন। মন্ত্রীদের কাজ ভাগ করা আছে।”
আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাধারণ সম্পাদক বলেন, "অন্তর্কলহ থাকলে দূর করুন। … শেখ হাসিনার নেতৃত্বে নৌকা আবারও পৌঁছাবে বিজেয়ের বন্দরে।"
মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান,সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা বক্তব্য দেন।
