রমজানে বিএনপির ‘মিথ্যাচার’ বন্ধ থাকবে, আশা তথ্যমন্ত্রীর
মুসলমানদের জন্য পবিত্র রমজান মাসে বিএনপির ‘মিথ্যাচার’ বন্ধ থাকবে বলে আশা করছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি শুনলাম বিএনপি নাকি অনশন করছে এবং অনশনের সময় আশেপাশের খাবারের দোকানে ভালো বিক্রি হচ্ছে।
“বিএনপির রাজনীতি তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত, আশা করব, সমস্ত মিথ্যা তারা আজকেই বলে দেবে। আগামী এক মাস অন্তত মিথ্যাচারটা বন্ধ থাকবে।”
দ্রব্যমূল্য নিয়ে বিএনপি নেতাদের নানা রকমের বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, “দ্রব্যমূল্য কমে আসা শুরু হয়েছে। সরকার এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে, এতে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।
“আর এর ফলে বিএনপির অস্বস্তি ও অস্থিরতা দুই-ই বেড়ে গেছে। এ কারণেই তাদের নেতারা উদভ্রান্তের মতো কথা বলছেন “
এর আগে শহীদ মিনারের পাদদেশে সদ্যপ্রয়াত আবৃত্তিশিল্পী হাসান আরিফের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
“দেশে মানুষের গড় আয়ু এখন ৭৩ বছরের বেশি, সে হিসেবে হাসান আরিফের আরও অনেকদিন বেঁচে থাকার কথা ছিল। কিন্তু তিনি অকালে আমাদের ছেড়ে চলে গেছেন। তার এই বিদায় আমাদের সুচিন্তার চর্চা ও সাংস্কৃতিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে; জাতির সংস্কৃতি অঙ্গন ও কবিতাচর্চাকারীরা তার অভাব অনুভব করবে। আমরা সকলে তার আত্মার চিরশান্তি কামনা করি।"
