বিএনপির কর্মসূচি এল ‘বেলা শেষে’: কাদের
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির গণঅনশন কর্মসূচি নিয়ে ফোঁড়ন কাটলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাজারে নিত্যপণ্যের দাম কমে আসছে দাবি করে তিনি বলেছেন, “বিএনপি সবকিছু বেলা শেষ হয়ে গেলে করে। যখন যেটা করা দরকার, তাদের কর্মসূচি তার ধারে কাছেও নেই। গণমাধ্যমে খবর অনুযায়ী অতিপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমতে শুরু করেছে। তাই তাদের আন্দোলনের প্রয়োজন নেই।”
শনিবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে যখন ওবায়দুল কাদের একথা বলছিলেন, তখন তার কয়েকশ গজ দূরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতীকী অনশন চলছিল।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “জনগণ শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনে খুশি। গত ১৩ বছরে বিএনপি বহুবার ডাক দিয়ে সাড়া পায়নি। আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি বাংলাদেশে কোথাও নেই।”
বিএনপির আন্দোলনের নেতা কে, সেই প্রশ্ন তুলে আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করছে- দলটির নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় কাদের বলেন, “ফখরুল সাহেব, এটা তো জনগণেরই প্রশ্ন। দেশের মানুষ জানতে চায়, বিএনপি কথায় কথায় যে আন্দোলন ও গণঅভ্যুত্থানের দিবা স্বপ্ন দেখে, তাতে তাদের নেতৃত্ব দেবে কে?
“বিএনপি যাকে নেতা বলছে, সে তো দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছে। জনগণ দণ্ডপ্রাপ্ত আসামিকে ফিরিয়ে আনতে কেন অভ্যুত্থান করবে?”
বিএনপি নানা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে দাবি করে কাদের বলেন, “বিএনপি কখনও নিরপেক্ষ সরকারের কথা বলে, কখনও বলে নির্বাচনকালীন সরকারের কথা, সর্বশেষ তাদের মাথায় জাতীয় সরকারের ভুত ঢুকেছে। বিএনপি কি চায়, তা নিজেরাই জানে না।
“তাদের বলব এদিক-ওদিক না ঘুরে বরং নির্বাচনের প্রস্তুতি নিন। ষড়যন্ত্র করে কোনো লাভ হয়নি। আন্দোলনও হয়নি, নির্বাচনে অংশও ব্যর্থ হয়েছেন। বাকি সময়েও লাভ হওয়ার সম্ভাবনা নেই।”
বিএনপির উদ্দেশে তিনি বলেন, “সময় ও স্রোত যেমন কারও জন্য অপেক্ষা করে না, তেমন নির্বাচনও বিএনপির জন্য অপেক্ষা করবে না।সংবিধান মতে যথাসময়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নিরেপক্ষ নির্বাচন হবে। নির্বাচন ছাড়া বাংলাদেশের ক্ষমতার মঞ্চের পরিবর্তনের কোনো স্বপ্ন দেখে লাভ নেই।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এসময় উপস্থিত ছিলেন।
