২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়ী হয়েও প্রতিদ্বন্দ্বীর গলায় মালা দিয়েছি: রাষ্ট্রপতি

রাজনীতিতে সম্প্রীতি ধরে রাখার আহ্বান জানিয়ে নিজের জীবন থেকে উদাহরণ দিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2022, 12:52 AM

Updated : 25 Oct 2022, 10:21 AM

মঙ্গলবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ভোটে বিজয়ী হয়ে প্রতিদ্বন্দ্বীর গলায় মালা দিয়েছিলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, “ক্ষমতা ও রাজনীতি জনগণের কল্যাণের জন্য। নেতা হয়ে ভাব ধরার জন্য নয়। জনগণের ভালোর জন্য সবাইকে (রাজনীতিবিদদের) ছাড় দিতে হবে।

প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু বিজয়ী হওয়ার পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গলায়ই মালা দিয়েছি। তাদের পরিবার ও সন্তানদের জন্য কাজ করেছি।

“ধনী হওয়ার জন্য রাজনীতি করিনি। হাওরের উন্নয়ন,  জনগণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য কাজ করেছি।”

স্থানীয় সব রাজনৈতিক দলের সদস্যদের নেতিবাচক কর্মকাণ্ড পরিহার করে মিলেমিশে রাজনীতি করার আহ্বান জানান কিশোরগঞ্জের এই সন্তান। 

আবদুল হামিদ বলেন, জনগণের সার্বিক কল্যাণের জন্য নির্বাচিত প্রতিনিধি বা নেতা হিসেবে সবাইকে কাজ করতে হবে।

ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “নির্বাচনের জয়ীদের উচিত পরাজিতদের সাহায্য নিয়ে একত্রে কাজ করা। সবাইকে মিলেমিশে কাজ করলে এলাকা ভালোভাবে চলবে। সার্বিক উন্নয়ন ও ত্বরান্বিত হবে নিঃসন্দেহ।”

স্থানীয় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও জনগণসহ সংশ্লিষ্ট সকলকে স্থানীয় উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, এলাকার উন্নয়নের জন্য শান্তি-শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ বিষয়। শান্তি-শৃঙ্খলা না থাকলে উন্নয়ন হবে না।

দেশ ও জনগণের স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মেদ তৌফিক, অষ্টগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সহিদুল ইসলাম, সরকারি রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা আরিফ খান।

এ সময় বঙ্গভবনের সচিবরা, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে রাষ্ট্রপতি হামিদ অষ্টগ্রাম উপজেলার ‘বাহাদুর সেতু’ এবং ‘রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ সেতু’সহ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

পথে সদয়নগর এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।