২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্য নিয়ে বিএনপির ‘অপরাজনীতি’ মাঠে মারা গেছে: ওবায়দুল কাদের

রোজাকে সামনে রেখে দুর্ভোগ সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2022, 04:55 PM

Updated : 28 Apr 2022, 11:55 PM

দ্রব্যমূল্য নিয়ে বিএনপির ‘অপরাজনীতি’ মাঠে মারা গেছে মন্তব্য করে বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, “সরবরাহ চেইন জোরদার করা হয়েছে। মনিটরিং ব্যবস্থা সম্প্রসারণ করা হয়েছে।

“আসন্ন রমজানে যাতে মানুষের ভোগান্তি না হয়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কঠোর নির্দেশনা দিয়েছেন এবং কেউ অপকৌশলের মাধ্যমে মানুষের দুর্ভোগ সৃষ্টি করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন।”

বর্তমান সরকারকে জনবান্ধব দাবি করে ওবায়দুল কাদের বলেন, “তাই জনগণের যেকোনো দুঃখ-দুর্দশায় সরকার যথাসময়ে সাড়া দেয়। সরকার দ্রব্যমূল্যের ব্যাপারেও বাজারে স্থিতিশীলতা আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি স্বল্প আয়ের মানুষের স্বস্তি দিতে টিসিবির মাধ্যমে মূল্য সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করেছে। প্রায় ৫ কোটি জনগণ এ সহায়তা পাবে।”

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এ বিবৃতিতে মির্জা ফখরুলের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, “বিএনপির মন ও মগজে দুর্নীতি আর লুটপাট। এই কারণে শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধিতে তাদের গাত্রদাহ হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের প্রতিটি ঘর আজ বিদ্যুতের আলোয় উদ্ভাসিত। এই আলোতে বিএনপি বরাবরের ন্যায় অন্ধকার দেখে।

“বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসির সঙ্গে সংলাপে তাদের কোনো আগ্রহ নেই। দেশবাসী জানে, কোনো প্রকার সংলাপের চেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনই বিএনপির একমাত্র কৌশল। একই সাথে সকল প্রকার গণতান্ত্রিক পদ্ধতির প্রতি নিজেদের অনাগ্রহের ভূত আজ বিএনপি জাতির উপর চাপাতে চায়।”