২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শতভাগ বিদ্যুতায়নের কথা ‘সরকারের মিথ্যাচার’: ফখরুল

মেগা প্রকল্পের নামে সরকার মেগা দুর্নীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2022, 06:13 PM

Updated : 25 Oct 2022, 10:19 AM

সোমবার দুপুরে পটুয়াখালীর পায়রায় দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন হওয়ার পরপরই জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “স্বাধীনতার ৫০ বছরে ওদের (বর্তমান সরকার) অর্জন কী? এরা  বলে তাদের অর্জন মেগা প্রজেক্টস, পদ্মা ব্রিজ। আজকের পত্রিকায় আছে- বিদ্যুৎ এখন থেকে নাকি পুরোটাই দেওয়া হয়ে গেল। কিসের মূল্যে, কার মূল্যে- এটা করলেন? এটা করতে পারেনি; মিথ্যা কথা, প্রচারণা তারা করছে।

“তাদের দুর্নীতি করার জন্য, তাদের সম্পদ বাড়ানোর জন্য তারা আজকে জনগণের পকেট কেটে এই সম্পদ তৈরি করছে। এই মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হচ্ছে, সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না।”

দেশের মানুষের বর্তমান অবস্থার কথা তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “আজকে টিসিবির ট্রাকের পিছনে গিয়ে যারা দাঁড়ায় ন্যায্যমূল্যে পণ্য কেনার জন্য, তাদের কোনো উন্নতি হয়নি। আমার গ্রামের কৃষকের পণ্যের দাম বাড়েনি, তাদের কোনও উন্নতি হয়নি; আমার শ্রমিকের মজুরি বাড়েনি, তাদের কোনও উন্নতি হয়নি। আজকে আমাদের যে শিক্ষক স্বল্প বেতনে চাকরি করেন, তার কোনও পরিবর্তন হয়নি; আজকে ছোট ছোট ব্যবসায়ী, হকার- তাদের অবস্থার পরিবর্তন হয়নি।

“অবস্থার পরিবর্তন হয়েছে যারা আওয়ামী লীগের সঙ্গে, ক্ষমতার সঙ্গে ভাগাভাগি করে লুটপাট করছে; তাদের।”

দেশ এখন ‘লুটপাটের স্বর্গরাজ্যে’ পরিণত হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, “এই লুটপাটের স্বর্গরাজ্য আজকে নতুন না। এটা আওয়ামী লীগের কেমিস্ট্রির মধ্যে আছে। যখনই তারা ক্ষমতায় যাওয়ার সুযোগ পায়, তখনই তারা লুটপাট করে।

“সেজন্য মওলানা আবদুল হামিদ খান ভাসানী সেই শেখ মুজিবুর রহমান সাহেবের সময় বলেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নাম পরিবর্তন করে দিয়ে সেটাকে বলা উচিৎ ‘নিখিল বাংলাদেশ লুটপাট সমিতি’। আজকেও একই অবস্থা দাঁড়িয়েছে।”

বর্তমান অবস্থার পরিবর্তনে ‘ঐক্যের কোনো বিকল্প নেই’ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, “আজকে আমরা যে এক ভয়ংকর পরিস্থিতির মধ্যে পড়েছি, যে ভয়াবহ পরিস্থিতির মধ্য পড়েছি। আমাদের মানুষকে রক্ষা করতে হলে, আমাদের দেশকে রক্ষা করতে হলে, আমাদের রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে হলে, আমাদের এই নতজানু নীতি থেকে বেরিয়ে এসে স্বাধীন পররাষ্ট্র নীতি এবং স্বাধীন গণতন্ত্র যদি প্রতিষ্ঠা করতে হয়; তবে এই সরকারকে ঝেটিয়ে বিদায় করার ছাড়া আর কোনও বিকল্প নেই।

“সেই লক্ষ্যে আমরা কাজ করছি, সেই লক্ষ্যে আমরা জাতীয় ঐক্য সৃষ্টির কথা বলেছি। আজকে সমগ্র বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে যারা গণতন্ত্র বিশ্বাস করে, যারা দেশপ্রেম বিশ্বাস করে; তাদেরকে আহ্বান জানিয়েছি যে, আসুন আমরা সবাই শুধুমাত্র একটা লক্ষ্যে যেখানে গণতন্ত্রকে পুনরূদ্ধার করতে হবে- সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং একটা দুর্বার গণআন্দোলন গড়ে তুলি।”

বিএনপি ‘ধরনা’ দিয়ে ক্ষমতায় আসেনি

মির্জা ফখরুল বলেন, “আজকে পত্রিকায় দেখলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, বিএনপি বিদেশিদের কাছে ধরনা দেয়। আমি বলতে চাই, বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনোদিন ক্ষমতায় আসেনি।

“বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে, নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু-অবাধ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। ১৯৯০ সালে এসেছে এবং পরবর্তীতে প্রতিবারে প্রত্যেকটি নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল ক্ষমতায় এসেছে জনগণের ভালোবাসা নিয়েছে।”

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, “আপনারা (মুক্তিযোদ্ধারা) যে স্বাধীনতা অর্জন করেছিলেন একাত্তরে, সেই স্বাধীনতাটা আর নেই এদেশে। এটা মুক্ত দেশ না। এখন নতুন একটা স্বাধীনতা যুদ্ধের সময় এসেছে এই দেশে। সেটাতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় আমিও থাকবো সেই যুদ্ধে।

“ঐক্যবদ্ধ হয়ে এই জালেম সরকারকে আমাদের সরাতে হবে। আমাদের গণঅধিকার পরিষদের উদ্দেশ্য- মানুষের অধিকার ফেরত দেওয়া একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আমরা মোটামুটি একই জিনিস চাই। অন্য ব্যাপারে মতবিরোধ থাকতে পারে, তবে এই সরকারকে যেতে হবে এবং একটা সুষ্ঠু নির্বাচন চাই- এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই।”

গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার ‘একাগ্রতার’ প্রশংসা করে আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা বলেন, “আপনাদের যে সভানেত্রী বেগম খালেদা জিয়া এত সাহসের সাথে এত বছর যুদ্ধ করছেন, উনাকে দেখে সবসময় আমার একটা অনুপ্রেরণা হয় যে- এতো সাহস এই মানুষটির মধ্যে; এটাতে আমি আশ্চর্য হই!

“উনি আসল সম্মানী লোক বাংলাদেশে। আমি আশা করি, এই সম্মানটা কোনো মানুষের কেড়ে নেওয়ার সুযোগ নেই।”

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক এ আলোচনা সভা হয়।

সংগঠনের উপদেষ্টা বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শওকত মাহমুদ, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শাহাদাত হোসেন, শিরিন সুলতানা এবং মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নেতারা।