‘অনায্য সরকারের’ নায্যমূল্যের ট্রাকে হুমড়ি খাচ্ছে মানুষ: গয়েশ্বর
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বর্তমান সরকারে পতনই’ এর একমাত্র সমাধান।
তার ভাষায়, “আজকের অন্যায্য সরকারের ন্যায্যমূল্যের ট্রাকের সামনে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। কারণ ক্ষুধায় লজ্জা টিকে না। সেই কারণে দেখা যায়, পোশাক-পরিচ্ছদ ভালো, অথচ লাইনে দাঁড়িয়েছেন।”
বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অল্প আয়ের মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের এক অনুষ্ঠানে এ কথা বলেন গয়েশ্বর।
তিনি বলেন, “…এই লাইন ছোট নয়, লাইনটা অনেকটা বড় হচ্ছে। আমরা বলতে চাই, এই লাইনে বেশিদিন জনগণকে আর রাখা যাবে না।
“আজকে ক্ষুধা নিবারণের একটি মাত্র পথ এই সরকারে পতন, আইনের শাসনের একটি মাত্র পথ এই সরকারের পতন, ঘুষ-দুর্নীতি বন্ধ করার একটি মাত্র পথ এই সরকারের পতন।”
ছাত্রদলের আয়োজনে এ অনুষ্ঠানে গয়েশ্বর বলেন, “দুঃস্থদের মাঝে পণ্যসামগ্রী বিতরণ করতে গিয়ে আমরা যেন ভুলে না যাই যে, যারা মানুষকে গরীব করেছে, যারা মানুষকে দুঃস্থ করেছে, তাদেরকে আক্রমণ করতে হবে, তাদেরকে হটাতে হবে, তাদের বিচার করতে হবে।
“পরিবর্তন অনিবার্য। আমাদের দেশের এই পরিবর্তনের কাজটি যথা সময়েই হবে এবং যে সময় হবে সেই সময়টা খুব দূরের জায়গা না। অত্যন্ত কাছে, অনুমান করতে পারছেন না। সেজন্য আপনাদের স্নায়ু শক্তি বৃদ্ধি করেন।”
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, “এই সরকার যাওয়ার সময় হয়েছে। এই পতনকে নিশ্চিত করতে হবে এই ছাত্র সমাজকে। কারণ অতীতে এই ছাত্র সমাজ অনেক পরিবর্তন ঘটিয়েছে, অনেক বিপ্লব করেছে এবং দেশের মানচিত্র তারা একসময়ে আনছে। এই ছাত্র সমাজের এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে সামনে নিয়ে আপনাদের এগোতে হবে।”
ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
