২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের প্রস্তাবে ভোটদানে বিরত থাকা ‘কৌশলগত’ কারণে: তথ্যমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে ওঠা প্রস্তাবে ‘কৌশলগত’ কারণে ভোটদানে বাংলাদেশ বিরত ছিল বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ব্যুরো ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 11:05 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

শনিবার সন্ধ্যায় রাজধানীতে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, আমরা অবশ্যই যেকোনো সংঘাত-যুদ্ধের বিরোধী। পৃথিবীতে শান্তি স্থাপিত হোক, শান্তি বিরাজ করুক- সেটিই আমরা চাই।

“জাতিসংঘে কৌশলগত কারণে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। বহুক্ষেত্রে বাংলাদেশ অনেক সময় ভোটদানে বিরত থাকে। এবার ভারতও ভোটদানে বিরত ছিল। এখন ভারত কী কারণে বিরত ছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি সেই ব্যাখ্যাটা দেন খুব ভালো হয়।”

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ওঠা নিন্দা প্রস্তাবে বাংলাদেশের ভোট দেওয়া থেকে বিরত থাকা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, “আসলে কোনো ইস্যু নাই তো, তাই মির্জা ফখরুল জাতিসংঘ ও ভোটদান নিয়ে কথা বলেন। আবার খালেদা জিয়াকে যদি বিদেশ পাঠানো না হয় জীবন সঙ্কটাপন্ন হবে, এগুলো বলে মানুষকে ধোঁকা দেয়ার চেষ্টা করেছিল।

“তারা যখন আন্দোলন করছেন তখন খালেদা জিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন, তখন তারা প্রচণ্ড হতাশ হলেন। এখন খড়কুটো ধরে তারা রাজনৈতিকভাবে অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন মাত্র।”

ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে গত বুধবার একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

বুধবার পরিষদের জরুরি অধিবেশনে পাস হওয়া এই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল বাংলাদেশসহ ৩৫টি দেশ। ১৯৩ সদস্য দেশের পরিষদে ওই প্রস্তাবের পক্ষের সমর্থন দিয়েছে ১৪১ দেশ, আর বিপক্ষে ভোট পড়েছে রাশিয়াসহ পাঁচ দেশের।

বাংলাদেশ এখন দ্রব্যমূল্যের দিক থেকে দুর্বিষহ অবস্থানে আছে মির্জা ফখরুলের এমন বক্তব্যের বিষয়ে হাছান মাহমুদ বলেন, “পৃথিবীতে সবসময় দ্রব্যমূল্য বেড়েছে, যখন চল্লিশের দশকে বাংলায় দুর্ভিক্ষ হয় তখন দ্রব্যমূল্য অনেক কম ছিল। তখন এক টাকায় অনেক কেজি চাল পাওয়া যেত। এখন তো এক টাকায় এক কেজি চালও পাওয়া যায় না।

“তখন এক আনায় কয়েক কেজি চাল পাওয়া যেত। তখন কিন্তু দুর্ভিক্ষ হয়েছে, কারণ তখন মানুষের ক্রয়ক্ষমতা ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর আমেরিকা, কন্টিনেন্টাল ইউরোপ, ইউকে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানসহ পৃথিবীর সবদেশে গত কয়েক বছরে খাদ্যপণ্যের দাম বেড়েছে, আন্তর্জাতিকভাবেও বেড়েছে।”

ইউক্রেইনে হামলার নিন্দায় জাতিসংঘে প্রস্তাব, ভোট দেয়নি বাংলাদেশসহ ৩৫ দেশ  

ইউক্রেইন যুদ্ধ: জাতিসংঘে ভোট না দেওয়ার ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী  

ইউক্রেইন যুদ্ধ: সরকারের অবস্থানের নিন্দায় বিএনপি  

‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ থেকে নাবিকদের উদ্ধারে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী যখন কোনো জাহাজ পরিত্যক্ত হয়, তখন কিন্তু সেই জাহাজের মালিকানা কোথায় যাবে সেটি বলা যায় না। সরকার জাহাজের মালিকানার চেয়েও নাবিকদের জীবন রক্ষাকেই গুরুত্ব দিয়েছে।

“সেজন্য জাহাজ পরিত্যক্ত ঘোষণা করে জাহাজের নাবিকদের নিরাপদে সরিয়ে নিয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই ধন্যবাদ পাওয়ার অধিকার রাখেন।”

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, "আজকের শিশু চলচ্চিত্র নির্মাতাই হতে পারে আগামীর জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের চলচ্চিত্র পুরস্কার বিজয়ী। আজকের শিশু-কিশোররাই আগামীর বাংলাদেশ গড়বে, তার প্রস্তুতির জন্য এমন আয়োজন অতীব গুরুত্বপূর্ণ।"

'চিল্ড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ' সভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের সভাপতিত্বে উৎসবের উপদেষ্টা চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামুল কবীর, উৎসব পরিচালক তরুণ চলচ্চিত্রকার শাহরিয়ার আল মামুন বক্তৃতায় উৎসবের নানা দিক তুলে ধরেন।