২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন যুদ্ধ: সরকারের অবস্থানের নিন্দায় বিএনপি

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে বাংলাদেশের অবস্থান ‘জাতিসংঘ সনদের পরিপন্থি’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2022, 06:43 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিন্দা জানান।

রাশিয়ার আক্রমণকে ‘অমানবিক’ মন্তব্য করে বিএনপি মহাসচিব গত ৭ দিন ধরে যুদ্ধে ১০ লাখ মানুষ উদ্বাস্ত এবং শত শত নিরীহ ইউক্রেইনবাসীর সঙ্গে একজন বাংলাদেশি নাবিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে ইউক্রেইন যুদ্ধ নিয়ে দলের অবস্থান সুস্পষ্ট করেন।

তিনি বলেন, “এই আক্রমণকে (রাশিয়ার সামরিক অভিযান) ইউক্রেনের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং তার স্বাধীনতা সার্বভৌমত্বের সুস্পষ্ট লংঘন বলে মনে করে বিএনপি।

“এই ধরনের আধিপত্যবাদী ও সম্প্রসারণবাদী তৎপরতা জাতিসংঘের সনদ অনুযায়ী অপরাধ। এ আক্রমণ স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি।“

দেশবাসীর স্বঃতস্ফূর্ত জনমত গোটা বিশ্বের গণতান্ত্রিক ও মানবাধিকার বিষয়ক মূল স্রোতের সঙ্গে মিশে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “কিন্তু দেশের ক্ষমতাসীন সরকার তার ক্ষমতা কুক্ষিগত রাখতে দেশবাসীর জনমতের বিপক্ষে অবস্থান নিয়ে ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোটদানে বিরত থেকেছে, যা বাংলাদেশের সংবিধান ঘোষিত গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের নীতিমালা পরিপন্থি।”

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি জাতিসংঘের নেতৃত্বে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার পক্ষে প্রবাহমান বিশ্বজনমত ও মূল্যবোধের পক্ষে বিশ্বের সকল শক্তিকে সুদৃঢ় অবস্থান গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করছে।

“যুদ্ধরত দুই দেশের চলমান আলোচনার ধারাবাহিকতায় যুদ্ধ বন্ধ করে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি বিএনপি উদাত্ত আহবান জানাচ্ছে।”

মাত্র পাঁচটি দেশের বিরোধিতা এবং ৩৫টি দেশের পক্ষ গ্রহণে বিরত অবস্থান বাদে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশেষ প্রায় সকল দেশ তথা বিশ্ববাসী এ আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে অবস্থান নিয়েছে, যোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশের জনগণ ইউক্রেইনসহ যে কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মৌলিক অধিকারকে শ্রদ্ধা করে এবং তার সীমা লঙ্ঘনকে বিরোধিতা করে। বিএনপি সবসময়ই সকল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার স্বার্থে প্রবাহমান বিশ্বজনমতের পক্ষে।”

তার অভিযোগ, “মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে জাতিগতভাবে নির্মূল করা এবং মানবাধিকার লঙ্ঘনে জাতিসংঘের নিন্দা প্রস্তাবের ক্ষেত্রেও সরকার একইভাবে দেশবাসীর আশা আকাঙ্খার বিপরীতে ভূমিকা নিয়েছিল। রোহিঙ্গা ইস্যুতে তারা জনগণের আশা-আকাঙ্খা পূরণে কার্য্করি অবস্থান নিতে ব্যর্থ হয়েছে।

“বাংলাদেশ সরকারের কর্মকাণ্ডে এটাই প্রতীয়মান হয় যে, সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে- যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে ফেলছে।“

ইউক্রেইনে প্রবাসী বাংলাদেশীদের দুরাবস্থা ও পোল্যান্ডের সীমান্তে শরণার্থী শিবিরে অবস্থান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশ সরকার যে অবস্থান নিয়েছে সেই অবস্থান থেকে দেখতে পারছি তাতে মনে হয় না তাদের দৃষ্টিতে এ বিষয়গুলো বিবেচনায় আছে।“

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।