বাসদের নতুন কমিটি, সাধারণ সম্পাদক বজলুর রশীদ
প্রথম কংগ্রেসে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নতুন নেতৃত্ব বেছে নিয়েছে; বজলুর রশীদ ফিরোজকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনের সামনে কাউন্সিল অধিবেশন শেষে কমিটি ঘোষণা করেন সাবেক সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
২০০৯ সাল থেকে সাধারণ সম্পাদক এবং ১৯৮০ সালে বাসদ প্রতিষ্ঠার পর থেকে দলটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন খালেকুজ্জামান।
নতুন নেতৃত্ব আগামী পাঁচ বছর দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন দলটির নব নির্বাচিত সহকারী সম্পাদক রাজেকুজ্জামান রতন।
নতুন সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
কমিটিতে সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন রাজেকুজ্জামান রতন। আর সম্পাদক মন্ডলীর সদস্য হয়েছেন নিখিল দাস, কমরেড আব্দুল কুদ্দুস ও জনার্দন দত্ত নান্টু।
সদস্য মনোনীত হয়েছেন- রওশন আরা রুশো, আবদুর রাজ্জাক, এডভোকেট সাইফুল ইসলাম পল্টু, অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, নব কুমার কর্মকার, শফিউর রহমান, জুলফিকার আলী, প্রকৌশলী শম্পা বসু ও ডা. মনীষা চক্রবর্ত্তী।
কমিটি ঘোষণার আগে খালেকুজ্জামান বলেন, “দলের যৌথ সংগ্রামে প্রবীন-নবীন সমন্বয়ে নতুন যারা আগামী দিনে দলের কেন্দ্রীয় দায়িত্ব পালনের জন্য গত ২৮, ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি প্রতিনিধি অধিবেশন-কাউন্সিলে সর্বসম্মতিতে ১৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় এই কমিটি নির্বাচিত হয়েছেন।”
“স্বাধীনতার ৫০ বছর পার হয়েছে। বিবর্ণ বাংলাদেশের চেহারায় শাসকগোষ্ঠী সুবর্ণজয়ন্তী পালন করছে মহাসমারোহে। সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের বাংলাদেশ খুঁজে বেড়াচ্ছে। বিত্তবানদের ভোগ উল্লাস আর শ্রমজীবী মেহনতি মানুষের দীর্ঘশ্বাস দিন আর রাতের ব্যবধান তৈরি করে রেখেছে।”
সরকারের সমালোচনা করে বাসদের সাবেক সাধারণ সম্পাদকের অভিযোগ, “করোনাকালে যখন আড়াই থেকে তিন কোটি মানুষ দারিদ্র সীমার নীচে নেমে গেছে তখন নতুন কোটিপতি হয়েছে ১৭ হাজারের বেশি। মানবিক মর্যাদা তো দূরে থাক সংখ্যাগরিষ্ঠ মানুষ নাগরিক অধিকার কাকে বলে তা এখনও বুঝে উঠতে পারেনি।
“লুটপাটকারী বিত্তবান ও ক্ষমতাশালীদের মিথ্যা মর্যাদার গ্রাসে সত্যিকার মানবিক মর্যাদা বিলুপ্ত হয়ে গেছে।“
তিনি বলেন, “সংবিধানের অঙ্গীকার ছিল সমাজতন্ত্র। অথচ দেশে চলছে মুক্তবাজারি পুঁজিবাদ। ধনিক শ্রেণির উন্নয়নকে জনগণের উন্নয়ন বলে চালানো হচ্ছে। সারা বিশ্বে পুঁজিবাদ যখন চরম অবক্ষয়ী তখন বাংলাদেশে পুঁজিবাদ যে সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের জীবনে চরম দুর্দশা তৈরি করবে তা স্বাভাবিক। বিশ্বের সেরা ধনি রাষ্ট্র আমেরিকায় ৯৯ ভাগ বনাম ১ ভাগ মানুষের আন্দোলন এর কথা আমরা জানি।
“শিক্ষা-স্বাস্থ্যব্যবস্থা মানুষের মৌলিক অধিকারের বদলে বাণিজ্যিক পণ্যে পরিণত হয়েছে। সংবিধানে এক ধারার শিক্ষার কথা থাকলেও ৩ ধারার শিক্ষা চলছে। সাধারণ শিক্ষা প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা সিলেবাস সবকিছু মিলে এতটাই নিন্মগামী হয়ে পড়েছে যে এ শিক্ষা থেকে আধুনিক বিজ্ঞানমনষ্ক, পূর্ণ মানুষ তৈরি হওয়া খুবই কঠিন।“
মাদ্রাসা শিক্ষায় ধর্ম বা আধুনিক শিক্ষা কোনটাই হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন,” ধর্ম শিক্ষা বলতে বুঝায় সমাজ বিকাশের ধারায় কোন ঐতিহাসিক পর্বে কোন ধর্ম আবিভূত হয়েছিল, কি ছিল তার দর্শন, অপরাপর ধর্মসমূহের সাথে তার সামঞ্জস্য এবং পার্থক্য কি, তৎকালে সেই ধর্মের সামাজিক কার্যকারিতা কি ছিল, বর্তমানে তার কার্যকারিতা কি আছে, ইত্যাদি বিষয় মিলেই হয় ধর্ম শিক্ষা।“
কংগ্রস থেকে তিনি জনগণের ভোটাধিকার রক্ষায় এবং মুক্তিযুদ্ধের মৌলচেতনা শোষণমুক্ত সমাজতন্ত্র কায়েমের সংগ্রাম বেগবান করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
