২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচনের জন্য ‘জাতীয় সরকার’ চান জাফরুল্লাহ 

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে দুই বছরের জন্য জাতীয় সরকার চেয়েছেন জাফরুল্লাহ চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 07:55 PM

Updated : 28 Apr 2022, 11:46 PM

বুধবার ‘জাতীয় পতাকা উত্তোলন দিবস’র এক আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি এই দাবি তুলে ধরেন।

জাফরুল্লাহ বলেন, “আমি ১ বছর আগে থেকে বলছি যে, অন্ততপক্ষে দুই বছরের জন্য জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে।

“জাতীয় সরকার প্রতিষ্ঠিত না হলে এদেশে কোনো ক্রমেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা যাবে না, কোনো ক্রমেই সুষ্ঠু নির্বাচন হবে না।”

জাতীয় সরকারের পক্ষে যুক্তি তুলে ধরে জাতীয় ঐক্যফ্রন্টের এই উদ্যোক্তা বলেন, “সেই সরকারে আওয়ামী লীগের  প্রতিনিধিও থাকবে। হয়ত প্রতিনিধি শেখ রেহানাও হতে পারেন। আমি জানি না, সেটা আওয়ামী লীগের ব্যাপার।

“জাতীয় সরকারে অন্যান্য আমাদের সকল রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে, বিশিষ্ট দুই-চারজন নাগরিকও থাকতে পারেন। তারা সত্যিকার অর্থে ন্যায়-নীতি প্রতিষ্ঠা করবেন।”

স্বাধীনতার সত্যিকার ইতিহাস তরুণ প্রজন্মের জানার উপর জোর দিয়ে এই মুক্তিযোদ্ধা বলেন, “এই স্বাধীনতার পেছনে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবদান আছে, রবের ( আ স ম রব) অবদান আছে, আরও অবদান আছে সিরাজুল আলম খানের, আরও অবদান আছে জিয়াউর রহমানের।

“সেই সময়ের ৩০ বছরের যুবক আ স ম আবদুর রব সাহস করে পতাকা উড়িয়েছিলেন, সেইদিনও সাহস করে মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তাকে পাকিস্তানি চর বলা একটা নিমক হারামি।”

নতুন নেতৃত্বের আশা

রাজনৈতিক দলগুলোতে নতুন নেতৃত্ব দেখার আশা প্রকাশ করেছেন জাফরুল্লাহ চৌধুরী।

সম্প্রতি অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির (সিপিবি) কংগ্রেসকে উদাহরণ হিসেবে টেনে তিনি বলেন, “আমাদের সিপিবি খুব ভালো কিছু করতে পারছে না। কিন্তু তারা একটা ভালো কাজ করেছে। তাদের কংগ্রেস থেকে আমাদের সকল রাজনৈতিক দলের শিক্ষার বিষয় আছে।

“৩০ বছর বোধ হয় হবে মুজাহিদুল ইসলাম সেলিম (সভাপতি) সিপিবিকে দেখাশোনা করেছে, সংগঠনের উন্নতির চেষ্টা করেছেন। কিন্তু যখন গোপন ভোট হয়েছে, উনি তিন নম্বরে গিয়ে হাজির হয়েছেন। উনার আগেই ছেড়ে দেওয়া উচিৎ ছিল।”

“এটা আমাদের সকল রাজনীতিবিদদের শিক্ষণীয় বিষয় আছে। আপনার পার্টির লোকজন তাদের হাতে ছেড়ে দেন না। তারা আপনাকেই হয়ত করবে অথবা বৃহত্তর কারণে বলবে যে, এবারে আপনি যান, আপনি বিশ্রাম নেন, আমাদেরকে এই দলটা চালানোর…” বলেন জাফরুল্লাহ।

সিপিবির দিকে অভিযোগের আঙ্গুল তুলে জাফরুল্লাহ বলেন, “আজকে আমাদের দেশে আন্দোলন গড়ে না উঠার একটা কারণ হচ্ছে এই সিপিবি।

“আমি বিএনপির কথা বলতে চাই না। অনেকে মনে হয় ক্ষুণ্ন হন, সত্য কথা হজম করার শক্তি খুব বেশি লোকের নাই।”

জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির উদ্যোগ স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবসের ৫১ বছর উদযাপন উপলক্ষে ‘বাঙালির তৃতীয় জাগরণের মাইলফলক’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ডাকসুর তৎকালীন ভিপি আ স ম রব।

‘এটা একটা পরগাছা সরকার’

আ স ম রব অনুষ্ঠানে বলেন, “স্বাধীনতার ৫০ বছর পর বাংলাদেশ কোন পথে? যাদের কোনো অবদান ছিলো না আজকে সেইসব পরগাছা-আগাছা, আগাছা সরকার, পরগাছা মন্ত্রিসভা এদেরকে উচ্ছেদ করে ফেলে দিতে হবে, বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিতে হবে এদেরকে।”

সরকারবিরোধী ভূমিকায় থাকা রব বলেন, “আমাদের পরিষ্কার বক্তব্য এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন করব না। আমরা এই সরকারকে মানি না; এরা ডাকাত। রাতে অন্ধকারে ভোট ডাকাতি করে, এরা চোর না ডাকাত, এরা খুনি, এরা জালিম।

“আমরা মনে করি, আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পদত্যাগের পর ঐক্যবদ্ধভাবে ন্যূনতম সময়ের মধ্যে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। আসুন গণআন্দোলনের মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গড়ে তুলতে হবে।”

নতুন নির্বাচন কমিশন সম্পর্কে তিনি বলেন, “এসব নির্বাচন কমিশন করে লাভ হবে না, এই নির্বাচন কমিশন-টমিশন করে ফাজলামো করে কোনো লাভ হবে না। এই সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না।”

জেএসডির কার্যকরি সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল কাদের সিদ্দিকী, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বাংলাদেশ গণ-অধিকার পরিষদের নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাউয়ুম, জেএসডির ছানোয়ার হোসেন তালুকদার, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বেলায়েত হোসেন বেলাল বক্তব্য রাখেন।