নতুন ইসি নিয়ে আশাবাদী রওশন
নতুন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
ইসি গঠনের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ধন্যবাদ জানিয়ে সোমবার এক বিবৃতিতে তিনি এ প্রত্যাশার কথা বলেন।
সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে শনিবার নতুন নির্বাচন কমিশন গঠন করে দেন রাষ্ট্রপতি। সেখানে সিইসি হিসেবে এসেছেন কাজী হাবিবুল আউয়াল। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে আছেন মো. আলমগীর, আনিছুর রহমান, রাশেদা সুলতানা এমিলি এবং আহসান হাবীব খান।
রোববার শপথ নেওয়া এই কমিশনের অধীনেই আগামী বছর দ্বাদশ সংসদ নির্বাচন হবে।
‘রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, তাদের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠন করে, যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন করে নির্বাচন কমিশন গঠন করায়’ রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা।
অবশ্য রওশনের দল জাতীয় পার্টি নতুন ইসিকে ‘আমলানির্ভর’ আখ্যায়িত করেছে। ‘আওয়ামী লীগ সমর্থিত’ এই কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে দলের পক্ষ থেকে।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ তার বিবৃতিতে বলেন, “নতুন নির্বাচন কমিশন আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেশ ও জাতিকে উপহার দেবে - এটাই সকলের প্রত্যাশা।
“নব গঠিত নির্বাচন কমিশনের সদস্যরা তাদের উপর ন্যস্ত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন এবং দেশের মানুষ যাতে নিশ্চিতভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারেন সে বিষয়টি নিশ্চিত করবেন।”
সিইসি ও নির্বাচন কমিশনারদের স্বাগত জানিয়ে রওশন এরশাদ বলেন, “নির্বাচন নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতেই আপনারা দায়িত্ব পেয়েছেন।
“সংবিধান অনুযায়ী সেই দায়িত্বটুকু পালন করতে যথেষ্ট যত্নশীল হলেই সম্ভব হবে সব দলের অংশ গ্রহণে আগামীতে দেশে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা।”
পুরনো খবর
