গ্যাসের দাম বাড়ালে মানুষ ‘মহা বিপর্যয়ে’ পড়বে: জিএম কাদের
গ্যাসের দাম বাড়ালে সাধারণ মানুষের জীবন ‘মহা বিপর্যয়ে’ পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন, “এ সময় জ্বালানি গ্যাসের মূল্য বাড়ানো হবে জনবিরোধী সিদ্ধান্ত। সরকার এমন সিদ্ধান্ত নিলে প্রমাণ হবে দেশের মানুষের প্রতি সরকারের কোন দরদ নেই।”
সম্প্রতি বাংলাদেশের বিতরণ কোম্পানিগুলো গ্যাসের খুচরা মূল্য ১১৭ শতাংশ বা দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে কাছে পাঠিয়েছিল। কিন্তু ওই প্রস্তাব ‘বিধি বহির্ভূত’ ছিল জানিয়ে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন- বিইআরসি।
এখন নতুন করে আবার আবেদন করতে শুরু করেছে বিতরণ কোম্পানিগুলো, যদিও এই মুহূর্তে গ্যাসের দাম বৃদ্ধির দৃশ্যমান কোনো কারণ দেখছে না নিয়ন্ত্রক সংস্থা।
বিবৃতিতে সংসদের বিরোধী দলীয় উপনেতা কাদের বলেন, দাম বৃদ্ধির ওই প্রস্তাব মানা হলে তা “দেশের সাধারণ মানুষের জীবনে বর্তমান পেক্ষাপটে মহা বিপর্যয় ডেকে আনবে। প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে মূল্য বৃদ্ধির এই অর্থ দেশের প্রতিটি মানুষের কাছ থেকে আদায় করা হবে, যা মানুষের জীবনকে অসহনীয় করে তুলবে।”
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এমনিতেই গ্যাসের বিল পরিশোধ করার পরও রান্নার জন্য লাইনে গ্যাস পায় না সাধারণ মানুষ। সেজন্য নিয়মিত গ্যাসের বিল দেওয়ার পরও বৈদ্যুতিক চুলা ব্যবহার করেন অনেকে।
“মহামারী করোনাকালে কয়েক কোটি মানুষ কর্মহীন হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে। ইতোপূর্বে তেল ও বিদ্যুতের দাম বাড়ার কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েকগুণ। তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য দিনে দিনে আকাশচুম্বি হয়ে উঠেছে। পরিবার পরিজন নিয়ে দিন কাটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এমন অবস্থায় গ্যাসের দাম দ্বিগুন হলে জীবন বাঁচাতে মানুষের মাঝে হাহাকার উঠবে।”
গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ‘হঠকারী ও দুঃখজনক’ হবে মন্তব্য করে কাদের বলেন, “মেগা প্রজেক্টের বিপুল ব্যয় স্থগিত রেখে হলেও এ মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধি বন্ধ রাখতে হবে।”
