ইসি গঠনে সাংবিধানিক কাউন্সিল চায় সাম্যবাদী দল
সাংবিধানিক সংস্থাগুলোর সমন্বয়ে একটি কাউন্সিল গঠন করে তাদের মাধ্যমে নির্বাচন কমিশনার গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশের সাম্যবাদী দল।
বুধবার দলটির সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপে অংশ নেয়।
চলমান সংলাপে এখন পর্যন্ত ১২টি দল অংশ নিয়েছে। তিনটি দল রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দেয়নি। সব মিলিয়ে এখন পর্যন্ত ২৫টি দলকে আমন্ত্রণ জানিয়েছে বঙ্গভবন।
বঙ্গভবন থেকে বেরিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিক সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া সাংবাদিকদের বলেন, “আমাদের প্রথম দাবি ছিল নির্বাচন কমিশনের বিষয়ে একটা আইন তৈরি করা। যদি আইন না হয় তবে নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক ও স্বাবলম্বী রূপ পাবে না। না হলে এটি সরকারের আজ্ঞাবহ হয়ে থাকবে।
“যদি সার্চ কমিটি দিয়ে করতে চায়, তাহলে সাংবিধানিক যেসব প্রতিষ্ঠান আছে, তাদের দিয়ে একটা কাউন্সিল করে তাদের দিয়ে নির্বাচন কমিশন গঠন হতে পারে।”
কাদের নিয়ে ওই কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছেন- জানতে চাইলে তিনি বলেন, “আমরা স্পেসিফিক নাম দিইনি। সেই কাউন্সিলে প্রধান বিচারপতি থাকতে পারেন, স্পিকার থাকতে পারেন, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা থাকতে পারেন। এদের নিয়ে সার্চ কমিটি করে, সেই কমিটি নির্বাচন কমিশনারদের সিলেক্ট করতে পারে।”
নির্বাচনকালীন সরকার গঠনের প্রসঙ্গে প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে দিলীপ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শাসনতন্ত্র মোতাবেক একটি নির্বাচনকালীন সরকার গঠন বাস্তবসম্মত।”
এক প্রশ্নের জবাবে দিলীপ বলেন, “নির্বাচনকালীন সরকার প্রধানমন্ত্রী আগেও গঠন করেছিলেন। সেখানে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। ওরকম করে শাসনতান্ত্রিক নির্বাচনকালীন সরকার গঠন করা যেতে পারে।”
সাবেক মন্ত্রী দিলীপ বলেন, “রাষ্ট্রপতি আগেও বলেছেন, ব্যবসায়ীদের দ্বারা রাজনীতি নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা বলেছি এর জন্য একটা আইন করা উচিত, যাতে ব্যবসায়ীদের দ্বারা রাজনৈতিক ভারসাম্য নষ্ট না হয়।”
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাম্যবাদী দল সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন আইন প্রণয়নসহ পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেন।
“তারা আইনের অনুপস্থিতিতে সার্চ কমিটি গঠন করতে হলে সাংবিধানিক সংস্থাগুলোর সমন্বয়ে একটি কাউন্সিল গঠনের প্রস্তাব করেন। তারা প্রধানমন্ত্রীর নেতৃত্বে শাসনতন্ত্র মোতাবেক একটি নির্বাচনকালীন সরকার গঠনেরও প্রস্তাব দেন।”
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
