২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের মাধ্যমে ইসি গঠন ‘প্রমাণিত’ পদ্ধতি:  হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া ‘কার্যকর’ এবং তা আগেরবারই ‘প্রমাণিত’ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2021, 10:14 PM

Updated : 08 Apr 2022, 12:03 AM

বুধবার ঢাকার এফডিসি প্রাঙ্গণে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠনে বাংলাদেশে রাষ্ট্রপতির যে সংলাপের আয়োজন, সেটি অনেক দেশের জন্য ‘উদাহরণ’।

“স্বাধীন, নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন কমিশন গঠন করার জন্যেই রাষ্ট্রপতি সংলাপের আয়োজন করেছেন। অনেক দেশেই এ ধরনের কোনো সংলাপ হয় না। এই ভালো উদ্যোগকে বিএনপি প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে, তার অন্যতম প্রধান কারণ তারা গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে না এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে না।

হাছান মাহমুদ বলেন, “গতবারও সংলাপের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক কমিশন গঠন করা হয়েছিল। সেখানে এমন একজন নির্বাচন কমিশনার স্থান পেয়েছিলেন, যিনি সবসময় বিরোধীদলের পক্ষ হয়ে কথা বলেন। সুতরাং সংলাপের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন যে কার্যকর, সেটি গতবারও প্রমাণিত হয়েছে।

“সংলাপে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিচ্ছে এবং রাষ্ট্রপতি বিচার বিশ্লেষণ করে দেশের সংবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। দেশের সংবিধানের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করার সুযোগ নেই।"

নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির হলেও একটি সুনির্দিষ্ট আইনের মাধ্যমে তা করার বিধান সংবিধানে রয়েছে। ৫০ বছরেও সেই আইন না হওয়ায় গত দুই বার সার্চ কমিটি গঠন করে নামের সুপারিশ নিয়ে ইসিতে নিয়োগ দিচ্ছেন রাষ্ট্রপতি।

এবারও সেই প্রক্রিয়ায় এগিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ। এখন পর্যন্ত ছয়টি দলের সঙ্গে আলোচনা করেছেন তিনি। অধিকাংশ দলই ইসি গঠনে আইনের পক্ষে বলেছে।

সংলাপ বর্জন করা বিএনপি আলোচনার এই উদ্যোগকে ‘অর্থহীন নাটক’ আখ্যায়িত করে বলেছে, সমস্যার মূল বিষয় হল ‘নির্বাচনকালীন সরকার’ ।

তাদের সমালোচনা করে আওয়ামী লীগ নেতা হাছান বলেন, “তারা এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশে এমন একটা পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে যাতে চোরাপথে ক্ষমতায় যেতে পারে, সেটি কখনো হবে না।”

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে নিয়ে এফডিসি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী।

তিনি জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পাশাপাশি দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন এবং কেক কাটেন।

চার দশক পূর্তি উপলক্ষে সমিতির সকলকে অভিনন্দন জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, “এদেশে অনেক প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক রয়েছেন। আমি তাদের দেশ ও সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে পারে এমন চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানাই।

“চলচ্চিত্র শিল্পের পুনরুজ্জীবনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন এবং প্রেক্ষাগৃহ নির্মাণের জন্য সহজতম ঋণ চালু করেছেন। এককভারে বা বিপণিকেন্দ্রে সিনেমা হল নির্মাণের জন্য দশ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা চালু হয়েছে, যাতে করে উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হন।”

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে ও মহাসচিব শাহীন সুমনের পরিচালনায় বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সহসভাপতি ছটকু আহমেদ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক শাহীন কবির টুটুল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।