জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিলেন রব
স্বাধীনতার পর জাসদ গঠনের আগ থেকে বিভিন্ন সময় জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন আ স ম আবদুর রব, আবারও সেই ধরনের সরকার গঠনের প্রস্তাবই দিলেন তিনি।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি রব সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার প্রস্তাবিত জাতীয় সরকারের ধারণা তুলে ধরেন।
তিনি বলেন, “রাজতন্ত্রের নিউ মডেল এখন বাংলাদেশে। উন্নয়নের রাজনীতি, সো-কল্ড গণতন্ত্রের কথা, এদের চিরদিনের জন্য বিদায় করার জন্য, উচ্ছেদ করার জন্য ইতিহাসের প্রয়োজনে জাতীয় সরকার গঠন করা অনিবার্য হয়ে পড়েছে।”
স্বাধীনতার পরও জাতীয় সরকার গঠনের প্রস্তাব তুলে ধরার কথা জানিয়ে রব বলেন, “১৯৭২ সনের পাকিস্তানি হানাদার মুক্ত হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে আমরা জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলাম। উনি আমাদের প্রস্তাব গ্রহণ না করে আওয়ামী লীগের সরকার গঠন করার কারণে আজকে ৫০ বছরে বাংলাদেশ জাহান্নামে রূপান্তরিত হয়েছে।”
ছাত্রলীগের এক সময়ের নেতা, ডাকসুর ভিপি রব স্বাধীনতার পর আওয়ামী লীগ ছেড়ে জাসদ গঠনের উদ্যোক্তাদের একজন ছিলেন।
সেই জাসদ কয়েকভাগে ভাগ হওয়ার পর নিজের দল নিয়ে সামরিক শাসক এইচ এম এরশাদের সঙ্গে ভিড়েছিলেন রব। ১৯৮৮ সালের বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে ‘গৃহপালিত বিরোধী দলের প্রধান নেতার’ তকমাও পেয়েছিলেন তিনি।
পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর শেখ হাসিনার সরকারে মন্ত্রী হন রব। দুই দশক পর এখন আবার আওয়ামী লীগবিরোধী বিএনপির জোটে তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি দুঃসহ দাবি করে রব বলেন, “জাতীয় সরকারের লক্ষ্য হচ্ছে, মুক্তিযুদ্ধের নীতিতে একটি নৈতিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ করা।”
জাতীয় সরকার গঠন, রূপরেখা ও মেয়াদকাল ঐকমত্যের ভিত্তিতে নির্ধারিত হবে বলে জানান, আসম আবদুর রব।
জাতীয় সরকারের উদ্দেশ্যে হিসেবে রব ৬ দফা তুলে ধরেন। তার মধ্যে রয়েছে- মুক্তিযুদ্ধের মূল চেতনার ভিত্তিতে রাষ্ট্রপরিচালানার নীতি প্রণয়ন, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত, রাজবন্দিদের মুক্তি এবং মামলা প্রত্যাহার, স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর।
রব দেশের বিরাজমান বিভিন্ন সমস্যার সমাধানে জাতীয় সরকারের ১৩ দফা কর্মসূচিও তুলে ধরেন।
রব বলেন, “এই প্রস্তাবনায় রাজনৈতিক দল, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, বুদ্ধিজীবীসহ পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সমাজের সকল অংশীজনের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করার উদ্যোগে সবাইকে মৌলিক রাজনৈতিক কর্তৃব্য সম্পাদনে এগিয়ে আসার উদাত্ত আহবান জানাচ্ছি।”
তিনি জানান, অসুস্থতার কারণে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
জেএসডির কার্য্করী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মহসিন মন্টু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নূরুল হক নূর, রাষ্ট্রচিন্তার হাসনাত করীম, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক শামসুল ইসলাম, জেএসডির কার্য্করী সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন তালুকদার বক্তব্য রাখেন।
