ফখরুলের বক্তব্যের জবাবে কাদেরের বিবৃতি
বিএনপি ‘রাজনৈতিক হীনমন্যতার কারণে’ আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশের অগ্রযাত্রা না দেখার কথা বলছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের (ফাইল ছবি)
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, “বাংলাদেশের অগ্রগতিতে জাতিদ্রোহী-দেশদ্রোহীদের যেমন গাত্রদাহ হয়, ঠিক তেমনি বিএনপি নেতাদেরও সহ্য হয় না। রাজনৈতিক হীনমন্যতার কারণে আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত সাফল্যে বিচলিত হয়ে পড়ে বিএনপি, নিজেদের পরাজয় মনে করে।
“এমনকি সত্যকে স্বীকার করার সাহস পর্যন্ত রাখে না। উন্নয়ন ও অগ্রগতিকে অস্বীকার করাও এক ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের শামিল। ষড়যন্ত্রের রাজনীতিতে বিএনপি এতই অন্ধ যে, কোনো উন্নয়ন ও প্রগতি তাদের চোখে পড়ে না।”
উন্নয়নের নজির হিসেবে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, সাবমেরিন, এলএনজি টার্মিনাল, চার ও আট লাইনের অত্যাধুনিক এক্সপ্রেসওয়ে, মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি ও শিক্ষাবৃত্তি, দারিদ্র্য বিমোচন, বিনামূল্যে কোভিড টিকা দেওয়াকে দেখান তিনি।
ওবায়দুল কাদের বলেন, “সমগ্র জাতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুগপৎভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ মহা-আড়ম্বরে উদযাপন করেছে। এমন একটি মহতী ক্ষণে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি দেশের ভবিষ্যত প্রজন্মের সামনে কোনো প্রকার ইতিবাচক রাজনৈতিক কর্মসূচি তুলে না ধরে চিরাচরিতভাবে মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর।”
তিনি বলেন, “বিএনপি নামক যে দলটি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপরাজনীতিতে লিপ্ত, যারা ত্রিশ লাখ শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করে, যারা যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তাদের কাছ থেকে ‘স্বাধীনতার ৫০ বছরে কোনো প্রাপ্তি খুঁজে পাইনি’ এ ধরনের মন্তব্যই স্বাভাবিক।”
